‘১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব!’ আমতলায় বুলডোজার চলতেই বিরাট ঘোষণা অভিষেকের! – এবেলা

‘১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব!’ আমতলায় বুলডোজার চলতেই বিরাট ঘোষণা অভিষেকের! – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূলের সব পদ থেকে মাত্র ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দিতে প্রস্তুত অভিষেক বন্দ্যোপাধ্যায়! শনিবার সকালে তাঁর আমতলার ৫ তলা পার্টি অফিসে বুলডোজার চালানোর পরই এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। একইসঙ্গে, পার্টি অফিস ভাঙার প্রতিবাদে বিজেপি ও প্রশাসনকে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা।

বিদ্রোহীদের প্রতি অভিষেকের ‘ওপেন চ্যালেঞ্জ’: দলের বিদ্রোহী সাংসদ ও বিধায়কদের উদ্দেশে এদিন চরম বার্তা দিয়েছেন অভিষেক। তিনি স্পষ্ট জানান, তাঁর সঙ্গে সমস্যার কারণেই যদি নেতারা বিদ্রোহ করে থাকেন, তবে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসুন। অভিষেকের কথায়, “অভিষেকই যদি সকলের টার্গেট হয়, তবে তাঁরা দলে ফিরে আসুক। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, মাত্র এক ঘণ্টার মধ্যে আমি সমস্ত পদ থেকে ইস্তফা দেব।”

আমতলায় বুলডোজার তাণ্ডব ও আইনি লড়াইয়ের হুঁশিয়ারি: শনিবার সকালেই বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় অভিষেকের আমতলার কার্যালয়। জেলা প্রশাসনের দাবি, কোনো বৈধ নথি ছাড়াই এই বেআইনি নির্মাণ তৈরি হয়েছিল। তাই জোড়া নোটিশ দেওয়ার পর তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

প্রশাসনের এই দাবির কড়া বিরোধিতা করেছেন অভিষেক। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “এই জায়গা কিনে অফিস বানানো হয়েছিল, আমাদের কাছে বৈধ নথি আছে। গত ১৫ তারিখ শুনানিতে প্রশাসন অভিযোগের কোনো কপিই দিতে পারেনি, আর দু’দিনের মধ্যে অফিস ভেঙে দিল! সেখানে বিজেপির লোকেরা ঝান্ডা নিয়ে তাণ্ডব চালিয়েছে।” এর শেষ দেখে ছাড়বেন বলে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন তাঁরা।

‘সুদ সমেত ফেরত দেব’: পার্টি অফিস ভাঙার ঘটনায় চরম ক্ষুব্ধ অভিষেক বিজেপিকে নিশানা করে কড়া ভাষায় বলেন, “সব ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে। আজ যারা এই অত্যাচার করছেন, ২০৩১ সালে সব অত্যাচার সুদ সমেত ফেরত দেব।”

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর থেকেই আমতলার এই কার্যালয়টি তালাবন্ধ ছিল। ডায়মন্ড হারবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচির কেন্দ্র ছিল এই ৫ তলা বাড়িটিই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *