৫০০ প্রাণহানি, নিখোঁজ হাজারেরও বেশি! কেন বিদেশি উদ্ধারকারী দলে অনীহা নেপালের? – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রকৃতির রুদ্র তাণ্ডবে বিপর্যস্ত হিমালয়ের দেশ নেপালে মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় ৫০০ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন হাজারেরও বেশি মানুষ। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ের পর ভারত ও চিনসহ আটটি দেশ উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিলেও তা সরাসরি খারিজ করে দিয়েছে কাঠমান্ডু। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দেশের নিরাপত্তা বাহিনীই দক্ষভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে, ফলে আপাতত বিদেশি সাহায্যের কোনো প্রয়োজন নেই। তবে উদ্ধারকারী দলে আপত্তি জানালেও ভারত ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলির পাঠানো মানবিক সাহায্য সাদরে গ্রহণ করেছে তারা।
বিশেষজ্ঞদের একাংশের মতে, তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলা অত্যন্ত সামরিক স্পর্শকাতর হওয়ায় সেখানে বিদেশি বাহিনীর প্রবেশ এড়াতে চাইছে বেজিং, যার নেপথ্যে কূটনৈতিক চাপ কাজ করছে। এদিকে, বুধবারে হওয়া বিপর্যয়ের ধাক্কা কাটতে না কাটতেই তিব্বতে নতুন করে একটি হ্রদের বাঁধ ভেঙে যাওয়ায় ফের হড়পা বানের আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে রসুয়া ও ধাদিং জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং চরম ঝুঁকির মুখে সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছে উদ্ধারকাজ।
