৫৪৩ আসনেই কেন নারী কোটা নয়, লোকসভায় বিল ঘিরে তুঙ্গে বিতর্ক!

ভারতীয় রাজনীতিতে নারী সংরক্ষণ নিয়ে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। লোকসভায় ৫৪৩টি আসন বাড়িয়ে ৮১৬ করার সরকারি প্রস্তাবটি প্রত্যাখ্যাত হওয়ায় মোদী সরকারের ১২ বছরের শাসনামলে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এনডিএ সরকার আসন বৃদ্ধির মাধ্যমেই নারীদের জন্য ৩৩ শতাংশ কোটা নিশ্চিত করতে চাইলেও, বিরোধী দলগুলো বিদ্যমান ৫৪৩টি আসনেই অবিলম্বে সংরক্ষণের দাবি জানিয়েছে।
ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া নিয়েও তীব্র বিতর্ক দেখা দিয়েছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর আশঙ্কা, জনসংখ্যা নিয়ন্ত্রণের নীতি অনুসরণের কারণে নতুন করে আসন বিন্যাস হলে উত্তর ভারতের রাজনৈতিক প্রভাব বাড়বে এবং দক্ষিণ ভারত তাদের প্রতিনিধিত্ব হারাবে। ডিএমকে সাংসদ পি. উইলসন আসন সংখ্যা না বাড়িয়ে বর্তমানে থাকা আসনেই সংরক্ষণের দাবিতে একটি বেসরকারি বিলও পেশ করেছেন। এছাড়া কংগ্রেস, সমাজবাদী পার্টি ও আরজেডির মতো দলগুলো ওবিসি নারীদের জন্য বিশেষ উপ-কোটার দাবি তুললেও, বিদ্যমান সংবিধানের ৩৩০ ও ৩৩২ অনুচ্ছেদে এ ধরনের কোটার ব্যবস্থা না থাকায় তা আইনি জটিলতায় পড়েছে। ২০২৩ সালের ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ পাশ হলেও সংবিধানের ৩৩৪এ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন আদমশুমারি ও ডিলিমিটেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সংরক্ষণ কার্যকর হওয়ার সম্ভাবনা ২০৩৪ সালের আগে নেই।
