৮০৩ কোটি টাকা ফ্রিজ! হাইকোর্টের কড়া আদেশে কি বড় বিপাকে তৃণমূল? – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলো শাসকদল তৃণমূল কংগ্রেস। হরিশ মুখার্জি রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা দলটির চারটি অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত বহাল রইল। ওই অ্যাকাউন্টগুলিতে মোট ৮০৩ কোটি টাকা রয়েছে। বিধাননগর সাইবার ক্রাইম থানার তদন্তের ভিত্তিতে অ্যাকাউন্টগুলির লেনদেন বন্ধ করা হয়েছে। এই নির্দেশ খারিজ করে অ্যাকাউন্ট অবিলম্বে চালুর আর্জি নিয়ে আদালতে গিয়েছিল কালীঘাট তৃণমূল। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সেই আর্জি খারিজ করে জানিয়ে দিয়েছে, তাড়াহুড়ো করে এই মুহূর্তে কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া সম্ভব নয়। আদালত সাফ জানিয়েছে, আগে রাজ্যকে এ বিষয়ে বিস্তারিত হলফনামা দিতে হবে এবং সমস্ত দিক খতিয়ে দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তৃণমূলের তরফে আদালতে দাবি করা হয়েছিল যে, অ্যাকাউন্ট বন্ধ থাকায় সংগঠনের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং প্রায় ২১৫ জন কর্মীর বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তবে বিচারপতি স্পষ্ট করে দেন যে, দল বা সংগঠনের প্রকৃত মালিকানা ও নিয়ন্ত্রণ নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন কোনো নির্দেশ দেওয়া যাবে না। অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়, তদন্তে দেখা গেছে দেবরাজ চক্রবর্তী, ‘লিপস আন্ড বাউন্স’ এবং সুমিত রায়ের মতো অভিযুক্ত ব্যক্তি ও সংস্থার মাধ্যমে ওই অ্যাকাউন্টগুলিতে একাধিকবার বিপুল পরিমাণ টাকা জমা করা হয়েছে। এই আর্থিক লেনদেনের উৎস এবং আইনি বৈধতা নিয়ে সন্দেহ থাকায় পুলিশি পদক্ষেপের যৌক্তিকতা বজায় রয়েছে। আগামী দিনে মামলার পরবর্তী শুনানিতে উভয়পক্ষের নথিপত্র খতিয়ে দেখে আদালত চূড়ান্ত রায় দেবে।
