অকাল বৃষ্টিতে জলমগ্ন পূর্ব বর্ধমানের আলুর জমি, দুশ্চিন্তায় চাষিরা

অকাল বৃষ্টিতে জলমগ্ন পূর্ব বর্ধমানের আলুর জমি, দুশ্চিন্তায় চাষিরা

টানা বৃষ্টির জেরে পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকার আলুর জমি জলের তলায় চলে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় চাষিরা। আমন ধান ঘরে তোলার পর অনেকেই আলু চাষের প্রস্তুতি শুরু করেছিলেন। বিশেষ করে শক্তিগড় ও গাংপুর-সহ ১৯ নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী এলাকায় ইতিমধ্যেই পোকরাজ প্রজাতির আলুর বীজ রোপণ করা হয়েছিল। কিন্তু অকাল বৃষ্টির কারণে জমিতে জল জমে থাকায় সদ্য রোপণ করা বীজ পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

চাষিদের মতে, জমির জল দ্রুত না নামলে বীজ নষ্ট হয়ে যাবে এবং তাঁদের নতুন করে বীজ রোপণ করতে হবে। যে জমিগুলি আলু চাষের জন্য প্রস্তুত করা হয়েছিল, সেখানেও জল জমে যাওয়ায় চাষের কাজ পিছিয়ে যাচ্ছে। এক বিঘা জমিতে আলু চাষ করতে গড়ে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। নতুন করে বীজ রোপণ করতে হলে এই খরচ আরও অনেকটা বেড়ে যাবে বলে জানিয়েছেন কৃষকরা।

গত কয়েক বছর ধরে অতিরিক্ত উৎপাদনের জেরে হিমঘরে আলু মজুত থাকা এবং বাজারে দাম না পাওয়ার কারণে এমনিতেই লোকসানের মুখে রয়েছেন চাষিরা। তার ওপর মরশুমের শুরুতেই প্রকৃতির এই খামখেয়ালিপনায় নতুন করে আর্থিক ক্ষতির আশঙ্কায় দিন গুনছেন পূর্ব বর্ধমানের আলুচাষিরা। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *