অগ্নিমিত্রার বড় ঘোষণা! থার্ড-পার্টি এজেন্সি ছাড়া মিলবে না বিল্ডিং প্ল্যান, অসঙ্গতি পেলেই কড়া শাস্তি – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: তারাতলার মর্মান্তিক দুর্ঘটনার পর রাজ্যজুড়ে বেআইনি নির্মাণ ও ভবন নীতি নিয়ে অভূতপূর্ব কড়াকড়ির ঘোষণা করল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্টভাবে জানিয়েছেন, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত তৈরি হওয়া যেকোনো ভবন বা বাড়ির বিরুদ্ধে বেআইনি নির্মাণের সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তা গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।
জরিমানার অঙ্ক হবে পিঠ বাঁচানো দায়!
বেআইনি নির্মাণের রাশ টানতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, তদন্তে কোনো প্রকার নিয়ম লঙ্ঘন বা বেআইনি বিষয় প্রমাণিত হলে সংশ্লিষ্ট ভবন মালিকের ওপর বিশাল অঙ্কের জরিমানা চাপানো হবে। এই জরিমানার পরিমাণ এতটাই চড়া রাখা হচ্ছে যাতে তা সাধারণ মানুষের কাছে দৃষ্টান্ত তৈরি করে। আবাসন (Residential) ও বাণিজ্যিক (Commercial)—উভয় ধরনের ভবনের জন্যই এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।
প্ল্যান পাস করাতে বাধ্যতামূলক ‘থার্ড-পার্টি’ ছাড়পত্র
ভবিষ্যতে বেআইনি নির্মাণ রুখতে এবং ভবন অনুমোদনের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এক বড় সিদ্ধান্ত নিয়েছে দফতর। এখন থেকে বিল্ডিং প্ল্যান অনুমোদনের জন্য বিশেষজ্ঞ থার্ড-পার্টি এজেন্সি বা সংস্থার নজরদারি বাধ্যতামূলক করা হচ্ছে। ওই এজেন্সির সবুজ সংকেত এবং স্বাক্ষর ছাড়া আর কোনো নতুন বিল্ডিং প্ল্যান পাস করা হবে না।
নেপথ্যে তারাতলার মর্মান্তিক দুর্ঘটনা
উল্লেখ্য, প্রায় এক মাস আগে তারাতলায় একটি কারখানার লোহার শেড ভেঙে পড়ার পর সরকারের এই তৎপরতা শুরু হয়। ওই দুর্ঘটনায় একাধিক প্রাণহানি ঘটে এবং বহু মানুষ আহত হন। তদন্তে প্রকাশ পায়, গোডাউন নির্মাণের ঠিকাদার আসগার হুসেইন দুর্ঘটনার পর থেকেই পলাতক। তবে পোর্ট ট্রাস্টের থেকে জমি লিজ নেওয়া শম্ভুনাথ বেহেরা সহ পাঁচজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তারাতলার মতো ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি রুখতেই রাজ্য সরকার এই চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করল।
