অঘোষিত জরুরি অবস্থা চলছে দেশে! দিল্লি কাণ্ডের পর সোমেই প্রধান বিচারপতির দরবারে বিরোধীরা – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজধানীতে যুব সমাজের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে পুলিশি দমনপীড়ন ও একাধিক বিরোধী নেতাকে আটকের ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে ‘অঘোষিত জরুরি অবস্থা’ জারির অভিযোগ তুলেছে কংগ্রেস। নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ডাকা ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলন ঘিরে শনিবার উত্তাল হয়ে ওঠে দিল্লি। প্রতিবাদ স্তব্ধ করতে মধ্য দিল্লিতে বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয় এবং ইন্টারনেট পরিষেবা ব্যাহত করা হয়। প্রায় আড়াই হাজার মানুষকে আটকের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল ও পিনারাই বিজয়নসহ একাধিক শীর্ষ বিরোধী নেতাকে আটক করা হয়।
এই চরম রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে সোমবার বিকেলে তাঁর সঙ্গে দেখা করতে চলেছে বিরোধী শিবির। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইতিমধ্যেই সিজেআই-কে চিঠি পাঠিয়েছেন। রাহুল গান্ধী তোপ দেগে বলেছেন, গণতন্ত্রকে পিষে মারা হলে আইনের রক্ষকরা চুপ থাকতে পারেন না। জামিনে মুক্তি পাওয়া সিজেপি নেতৃত্ব আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করার পাশাপাশি সোমবার থেকে ‘ইন্ডিয়া’ জোট ও দেশের যুবসমাজ ফের রাজপথে নামবে বলে জানানো হয়েছে।
