অজ্ঞাতবাসে গিয়েও শেষরক্ষা হলো না! গ্রেপ্তার জলহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর – এবেলা

এবেলা ডেস্কঃ
ভোটের লড়াইয়ে হারের পর থেকেই উধাও ছিলেন জলহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। শেষ পর্যন্ত অজ্ঞাতবাস থেকে ফেরার পথে পুলিশের জালে ধরা পড়লেন তিনি। সোমবার ভোরে দক্ষিণেশ্বর এলাকা থেকে খড়দহ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। একুশের বিধানসভা ভোট পরবর্তী সময়ে হিংসায় উসকানি দেওয়া এবং লটারি বিজয়ী এক ব্যক্তির কাছ থেকে কোটি টাকা ছিনতাইয়ের মতো গুরুতর অভিযোগে দীর্ঘ দিন ধরেই তাঁর বিরুদ্ধে মামলা চলছিল।
চলতি বছরের বিধানসভা নির্বাচনে জলহাটি কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তীর্থঙ্কর। ভোটের ফল প্রকাশের পর থেকেই জনসমক্ষে তাঁকে আর দেখা যাচ্ছিল না। দীর্ঘ দুই মাস পুলিশের নজর এড়িয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা হলো না। সোমবার সকালে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
