অটল পেনশন যোজনা: অবসরের পর প্রতি মাসে ৫০০০ টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন

অটল পেনশন যোজনার মাধ্যমে সাধারণ মানুষ অবসরের পর আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পারেন। এই সরকারি প্রকল্পে নিয়মিত অল্প পরিমাণ টাকা জমা করলে ৬০ বছর বয়সের পর মাসে ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন পাওয়ার সুযোগ রয়েছে।
প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়টি মূলত আবেদনকারীর বয়স এবং তিনি কত টাকা পেনশন পেতে চান, তার ওপর নির্ভর করে। যত কম বয়সে এই প্রকল্পে বিনিয়োগ শুরু করা যায়, মাসিক কিস্তির পরিমাণ তত কম হয়। উদাহরণস্বরূপ, ৩০ বছর বয়সী কোনো ব্যক্তি যদি ৬০ বছর বয়সের পর মাসে ৫,০০০ টাকা পেনশন পেতে চান, তবে তাঁকে মাসিক ৫৭৭ টাকা, ত্রৈমাসিক ১,৭২০ টাকা অথবা ছয় মাস অন্তর ৩,৪০৫ টাকা জমা দিতে হবে। অন্যদিকে, ১৮ বছর বয়সে এই প্রকল্পে যুক্ত হলে মাসিক কিস্তি কমে দাঁড়ায় ২১০ টাকা। তবে ৪০ বছর বয়সে যোগ দিলে একই পরিমাণ পেনশনের জন্য মাসিক ১,৪৫৪ টাকা জমা দিতে হয়।
এই প্রকল্পে যোগ দেওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তাঁর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া আবেদনকারীর একটি সেভিংস ব্যাঙ্ক বা পোস্ট অফিস অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। গ্রাহকের মৃত্যুর পর তাঁর স্বামী বা স্ত্রী পেনশন পাওয়ার অধিকারী হন এবং উভয়ের মৃত্যুর পর মনোনীত ব্যক্তি জমাকৃত পেনশনের সুবিধা পান। আগ্রহী ব্যক্তিরা নিকটস্থ ব্যাঙ্ক বা পোস্ট অফিসের মাধ্যমে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন।
