‘অতিরিক্ত যাত্রী নয়, মানতে হবে নিয়ম’: সমুদ্রগড়ে নাদনঘাট পুলিশের অভিনব পথসুরক্ষা অভিযান! – এবেলা

এবেলা ডেস্কঃ
পূর্ব বর্ধমান: পথদুর্ঘটনা কমাতে এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল নাদনঘাট থানা। শনিবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড় ‘পথের সাথী’ এবং হেমায়েতপুর মোড়ে একটি পথসুরক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে এলাকার বহু টোটো ও অটো চালক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শিবিরে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাদনঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্ববন্ধু চট্টরাজ। তিনি চালকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেন:
“অতিরিক্ত যাত্রী তোলার প্রবণতাই অধিকাংশ ক্ষেত্রে বিপদের মূল কারণ হয়ে দাঁড়ায়। ট্রাফিক আইন মেনে দায়িত্বশীলভাবে গাড়ি চালালে দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব।”
অনুষ্ঠানে চালকদের উদ্দেশ্যে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সঠিকভাবে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়।
তবে এদিনের প্রচারের মূল আকর্ষণ ছিল এক পুরোহিতের উপস্থিতি! পুজোর পাশাপাশি তিনি হেলমেট ছাড়া বাইক চালানো আরোহীদের সচেতন করেন এবং নিরাপত্তা মেনে চলার বার্তা দিয়ে আশীর্বাদ করেন।
সমুদ্রগড় ও হেমায়েতপুরের মতো ব্যস্ত এলাকায় পথসুরক্ষা সুনিশ্চিত করতে নাদনঘাট থানার এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ যাত্রীরা।
