অধীরের পরিকল্পনায় জল! এআইসিসির হস্তক্ষেপে হঠাৎ স্থগিত তৃণমূল নেতাদের কংগ্রেস যোগদান? – এবেলা

অধীরের পরিকল্পনায় জল! এআইসিসির হস্তক্ষেপে হঠাৎ স্থগিত তৃণমূল নেতাদের কংগ্রেস যোগদান? – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রদেশ কংগ্রেসের রাজনীতিতে বড় ধাক্কা। মুর্শিদাবাদে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর তৎপরতায় তৃণমূল কংগ্রেস ছেড়ে একাধিক নেতার কংগ্রেসে যোগদানের চাঞ্চল্যকর পরিকল্পনা আপাতত স্থগিত করার নির্দেশ দিল এআইসিসি। গত রবিবার ধুলিয়ান পৌরসভার বিতর্কিত চেয়ারম্যান ইনজামুল ইসলাম রাজা এবং জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি ওবাইদুর রহমানসহ বেশ কয়েকজন নেতার কংগ্রেসে যোগ দেওয়ার কথা থাকলেও, হাইকমান্ডের হস্তক্ষেপে সেই কর্মসূচি ভেস্তে যায়। দলের শীর্ষ নেতৃত্বের এই কঠোর পদক্ষেপে রাজ্য রাজনীতিতে তীব্র জল্পনা শুরু হয়েছে।

সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক প্রকাশ যোশী রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারকে একটি চিঠি পাঠিয়ে স্পষ্ট জানিয়েছেন যে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনকে শক্তিশালী করার জন্য কেন্দ্রীয় অনুমতি ছাড়া কোনো ধরনের যোগদান কর্মসূচি চালানো যাবে না। বিশেষ করে সাম্প্রতিক অতীতে সংঘর্ষের ঘটনায় নাম জড়ানো বিতর্কিত নেতাদের দলবদল নিয়ে বিরোধীরা যখন জোরালো আক্রমণ শানাচ্ছে, তখন হাইকমান্ডের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সবমিলিয়ে অধীর চৌধুরীর একক সিদ্ধান্তে লাগাম টানতেই কেন্দ্রীয় নেতৃত্ব এই পদক্ষেপ করেছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *