‘অন্তহীন যুদ্ধ বন্ধ হোক’, বিশ্বশান্তির বার্তা নিয়ে ‘বন্ধু’ পুতিনের মুখোমুখি মোদি – এবেলা

এবেলা ডেস্কঃ
কিরঘিজস্থানের বিশকেকে আয়োজিত ২৬তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের ফাঁকে মুখোমুখি হলেন দুই পুরোনো ‘বন্ধু’—ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কুশল বিনিময়, করমর্দন ও উষ্ণ কোলাকুলির মাধ্যমে শুরু হওয়া এই দ্বিপাক্ষিক বৈঠক প্রায় ৩০ মিনিট ধরে চলে।
বৈঠকে মূল আলোচনার কেন্দ্রে ছিল রাশিয়া-ইউক্রেন সংঘাত। ইউক্রেনে দ্রুত যুদ্ধ থামিয়ে শান্তি ফিরিয়ে আনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, “যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়। তাই অন্তহীন যুদ্ধ চালিয়ে না রেখে আমাদের এখন যুদ্ধের অবসানের দিকে এগোতে হবে। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে উভয় দেশকেই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে।” ভারত যে সর্বদাই শান্তির পক্ষপাতী, তা স্পষ্ট করে তিনি আরও মনে করিয়ে দেন, তিনি মহাত্মা বুদ্ধ ও মহাত্মা গান্ধীর দেশ থেকে শান্তির বার্তা বহন করে এনেছেন।
অন্যদিকে, ভারত-রাশিয়া সুসম্পর্কের জন্য নরেন্দ্র মোদির ব্যক্তিগত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ভ্লাদিমির পুতিন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে দু’দেশের মধ্যে অর্থনৈতিক যোগাযোগ এবং পর্যটন খাতের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি ক্ষেত্র এবং প্রতিরক্ষা খাতসহ একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে সূত্র মারফৎ জানা গেছে। বৈঠকের পরেই সমাজমাধ্যম ‘এক্স’-এ একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী লেখেন, “পুতিনের সঙ্গে সাক্ষাৎ সবসময়ই আনন্দের।” বৈঠক শুরুর আগেই তিনি স্মরণে আনেন পুতিনের সাম্প্রতিক ভারত সফরের কথা, যা দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
