অন্নপূর্ণা যোজনার খবর নিতে গিয়ে শ্লীলতাহানি! বাঁচাতে গিয়ে বরানগরে রক্তাক্ত ৪ প্রতিবাদী – এবেলা

এবেলা ডেস্কঃ
September 20, 202612:45 pm
সরকারি প্রকল্প নিয়ে তথ্য জানতে গিয়ে চরম লাঞ্ছনার শিকার হলেন এক মহিলা। আর সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে আক্রান্ত হলেন পাড়ার চার যুবক। বাঁশ, লোহার রড ও ক্রিকেট ব্যাট দিয়ে বেধড়ক মারধরের জেরে রক্তাক্ত অবস্থায় ৩ জনের মাথা ফেটেছে, যার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরানগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু নগর রোড এলাকায়।
ঘটনার সূত্রপাত: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত আনুমানিক ৯টা নাগাদ দেশবন্ধু নগর রোডে স্থানীয় বিএলও (BLO) আধিকারিকের সঙ্গে ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে কথা বলছিলেন এক মহিলা। অভিযোগ, ঠিক সেই সময় জগজিৎ সিং নামে এক স্থানীয় যুবক পিছন থেকে এসে আচমকা ওই মহিলাকে অশালীনভাবে জড়িয়ে ধরে। মহিলা ও বিএলও চিৎকার করে উঠলে পাড়ার কয়েকজন তরুণ সঙ্গে সঙ্গে এগিয়ে এসে ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
দুষ্কৃতী তাণ্ডব ও রক্তারক্তি: প্রতিবাদের মুখোমুখি হয়ে অভিযুক্ত জগজিৎ সিং পিছু না হটে তার সহযোগী শিবা হেলা ও সঙ্গীদের খবর দেয়। মুহূর্তের মধ্যে বাঁশ, রড ও ব্যাট হাতে দুষ্কৃতী দল এসে প্রতিবাদী যুবকদের ওপর অতর্কিতে হামলা চালায়। বেধড়ক মারধরের জেরে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন প্রতিবাদীরা।
রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে চরম আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। আক্রান্তদের দাবি, অভিযুক্ত জগজিৎ ও শিবা এলাকায় নিয়মিত অসামাজিক কাজ চালায়।
ইতিমধ্যেই বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা ও স্থানীয়রা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মূল অভিযুক্ত জগজিৎ সিং, শিবা হেলা ও তাদের সহযোগীদের খোঁজে তল্লাশি শুরু করেছে বরানগর থানার পুলিশ।
