অন্য রাজ্যের বাইক চালানোতে নিষেধাজ্ঞা, সিদ্ধান্ত নিয়ে বড় আপডেট দিল সরকার – এবেলা

এবেলা ডেস্কঃ
অন্য রাজ্য থেকে নিজস্ব মোটরবাইক নিয়ে সিকিমের সুরক্ষিত ও সংরক্ষিত এলাকায় ঘোরার ক্ষেত্রে কড়া বিধিনিষেধ আনতে চলেছে রাজ্য সরকার। সিকিমের ‘রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট’ এবং ‘প্রোটেক্টেড এরিয়া পারমিট’ ভুক্ত অঞ্চলগুলিতে পর্যটকদের বাইরের রাজ্যের নিবন্ধিত বাইক নিয়ে চলাচলে রাশ টানার একটি প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের উপস্থিতিতে আয়োজিত অসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিভাগের এক বৈঠকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রস্তাবিত নতুন নিয়মটি কার্যকর হলে পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যের অ্যাডভেঞ্চার প্রিয় রাইডাররা নিজেদের বাহন নিয়ে এসব পাহাড়ি ও সীমান্তবর্তী অঞ্চলে প্রবেশ করতে পারবেন না।
তবে বাইকপ্রেমীদের জন্য বিকল্প ব্যবস্থাও ভাবছে প্রশাসন। সিকিম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকরা চাইলে স্থানীয় রেন্টাল অপারেটরদের থেকে সিকিমে নিবন্ধিত বাইক ভাড়া নিয়ে পছন্দের স্থানগুলোতে অনায়াসে ভ্রমণ করতে পারবেন। উদ্দেশ্য মূলত স্থানীয় পর্যটন ব্যবসাকে উৎসাহিত করা এবং অনলাইন পারমিট ব্যবস্থার আধুনিকীকরণ। তবে এই নিয়ম এখনই চালু হচ্ছে না এবং চূড়ান্ত সিদ্ধান্তের আগে মন্ত্রিসভার অনুমোদনসহ স্থানীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করা হবে। পর্যটন দপ্তর স্পষ্ট করেছে যে প্রত্যন্ত অঞ্চলের বাইক ট্রিপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরই জানানো হবে।
