অবসরের পর বড় বিপর্যয়, ডোপ পরীক্ষায় ব্যর্থ সোনাজয়ী স্বপ্না বর্মন! – এবেলা

এবেলা ডেস্কঃ
এশিয়ান গেমসে ভারতের জন্য সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের জীবনে নেমে এল বড় বিপর্যয়। রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে তাঁকে, আর এবার খেলাধুলার কেরিয়ারেও নেমে এল চূড়ান্ত ধাক্কা। জাতীয় ডোপ বিরোধী সংস্থা (নাডা)-এর পরীক্ষায় তিনি ব্যর্থ হয়েছেন। সংস্থা সূত্রের খবর, ২৯ বছর বয়সী এই অ্যাথলিটের রক্তের নমুনায় নিষিদ্ধ অ্যানাবোলিক-অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড ‘বোল্ডেনন’ পাওয়া গিয়েছে, যা ক্রীড়াক্ষেত্রে সম্পূর্ণ নিষিদ্ধ। এর ফলে তাঁকে ইতিমধ্যেই সাময়িকভাবে নির্বাসিত করেছে নাডা এবং তদন্ত চলাকালীন তিনি ক্রীড়া সংক্রান্ত কোনও কাজে অংশ নিতে পারবেন না।
ইতিমধ্যেই অবসর ঘোষণা করলেও এই আইনি ও শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া থেকে রেহাই পাচ্ছেন না এই বাঙালি অ্যাথলিট। নাডা স্পষ্ট করে জানিয়েছে যে, অবসরের কারণে কারও শাস্তি মকুব হতে পারে না। নিয়ম অনুযায়ী তাঁকে আবারও তলব করা হবে এবং তিনি চাইলে নিজের ‘বি’ নমুনা পরীক্ষার জন্য দিতে পারেন। সেখানেও দোষ প্রমাণিত হলে তাঁকে দীর্ঘমেয়াদি বা স্থায়ী নির্বাসনের মুখে পড়তে হতে পারে। ভবিষ্যতে কখনও স্বপ্না অবসর ভেঙে খেলায় ফিরলে সমস্ত শাস্তি ফের কার্যকর হবে। খেলাধুলার সঙ্গে বর্তমানে কোনও যোগাযোগ না থাকলেও এই ঘটনা তাঁর অ্যাথলেটিক কেরিয়ারকে গভীর সঙ্কটে ফেলে দিয়েছে।
