অভয়া কাণ্ডের ২ বছর: আজ রাজ্যজুড়ে ‘অভয়া দিবস’, বিকেলেই জলহাটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু – এবেলা

অভয়া কাণ্ডের ২ বছর: আজ রাজ্যজুড়ে ‘অভয়া দিবস’, বিকেলেই জলহাটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ

আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ওপর ঘটা নৃশংস অপরাধের দুই বছর পূর্ণ হলো আজ। দু’বছর আগের সেই অভিশপ্ত ৯ আগস্টকে স্মরণ করে আজ, রবিবার রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘অভয়া দিবস’। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আজ বাংলার সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই দিবস পালন করা হচ্ছে।

আজ সকাল ১১টায় প্রতিটি সরকারি হাসপাতালে অভয়াকে শ্রদ্ধা জানাতে ২ মিনিটের নীরবতা পালন ও প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। পাশাপাশি আয়োজন করা হচ্ছে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিকেলে জলহাটিতে অভয়ার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথের আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী।

তদন্তে নতুন মোড় ও পৃথক তদন্তের ঘোষণা: অন্যদিকে, অভয়া কাণ্ডের বিচারে এবার এল বড় পদক্ষেপ। স্বাস্থ্যমন্ত্রী ড. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার রাতে অভয়ার সঙ্গে যাঁরা ডিউটিতে ছিলেন, রাতের খাবার খেয়েছিলেন এবং ঘটনার পর যে সকল ব্যক্তিদের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল— তাঁদের প্রত্যেককে তলব করা হবে। এছাড়া আরজি করের तत्कालीन অধ্যাপকদের সঙ্গেও কথা বলবেন তদন্তকারীরা।

স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানান, “স্বাস্থ্য ব্যবস্থার কোথায় কোথায় বিভাগীয় ফাঁক ছিল এবং কেন তা তৈরি হয়েছিল, তা এই নতুন তদন্তে খতিয়ে দেখা হবে।” সে সময় অভিযোগ উঠেছিল, স্বাস্থ্য ব্যবস্থার কিছু ‘অন্ধকার রহস্য’ জেনে ফেলার কারণেই মুখ বন্ধ করতে সরিয়ে দেওয়া হয়েছিল তরুণী ডাক্তারকে। অপরাধের পর প্রমাণের ত্রুটি-বিচ্যুতি কীভাবে ঢাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং তার নেপথ্যে কারা ছিল— তাদের প্রত্যেককে এই নতুন তদন্তের মুখোমুখি হতে হবে।

বিভাগীয় তদন্তের পাশাপাশি রাজ্য সরকার পৃথক তদন্তের মাধ্যমে এই বিচার প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *