অভিষেকের বাড়িতে হামলা, গর্জে উঠলেন মমতা!

এবেলা ডেস্কঃ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ, সরব মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব প্রতিবেদক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনকে ঘিরে শুক্রবার গভীর রাতে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনায় সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, গভীর রাতে লুম্পেনদের জড়ো করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপহরণের ষড়যন্ত্র করা হয়েছিল।
শনিবার এ বিষয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাত ২টো-৩টে নাগাদ পরিকল্পিতভাবে তাণ্ডব চালানো হয়েছে। অভিষেককে অপহরণের চেষ্টাও করা হয়েছিল।” তিনি আরও দাবি করেন, তাঁর নিজের বাড়ির সামনে রাস্তা আটকে বেআইনিভাবে পুজোর আয়োজন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ তাঁর বাড়িতে পুজোর অনুষ্ঠানে যোগ দিতে না পারেন। এ প্রসঙ্গে মমতা বলেন, “আমার বাড়ির পুজোতে যাতে কেউ আসতে না পারে, সেই উদ্দেশ্যে মোড়ে এই বেআইনি পুজোর আয়োজন করা হয়েছে।”
বিজেপির দিকে নিশানা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, “বুলডোজার দিয়ে অত্যাচার চালানো হচ্ছে। ক্ষমতার দাপট দেখাচ্ছেন। আমার বুকে বুলডোজার চালালেও আমরা মাথা নত করব না।”
পুলিশের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। কালীঘাট থানার ওসি বলাই বাগের নাম উল্লেখ করে তিনি বলেন, “ওঁরা নিজেদের ভগবান মনে করছেন। লক্ষণরেখা অতিক্রম করলে তার ফল ভোগ করতে হবে।” অভিষেকের সঙ্গে ওসির খারাপ আচরণের অভিযোগ তুলে মমতা আরও জানান, প্রয়োজনে তিনি এ বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দেশের সংবিধান ও গণতন্ত্র আজ বিপন্ন।” একইসঙ্গে তিনি নিজের পাড়া থেকে শুরু করে রাজ্যের সমস্ত মা-বোনদের অন্যায়ের বিরুদ্ধে জোট বাঁধার আহ্বান জানিয়েছেন। পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।
