অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ল ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত

কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আশুতি, রবীন্দ্রনগর এবং বিষ্ণুপুর থানার দুটি এফআইআর মিলিয়ে মোট চারটি মামলায় এই রক্ষাকবচ বহাল রাখা হয়েছে।
তবে শুনানির সময় একটি মামলায় স্ট্যাটাস রিপোর্ট জমা না পড়ায় বিচারপতি সৌগত ভট্টাচার্য তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে বিষ্ণুপুর থানার ৮৮৪ নম্বর এফআইআর মামলার ক্ষেত্রে স্ট্যাটাস রিপোর্ট কেন জমা পড়েনি, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। তদন্তকারী আধিকারিকের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি জানতে চান, কেন এই ধরনের গাফিলতি বা গাছাড়া মনোভাব দেখানো হচ্ছে। একই থানার একজন তদন্তকারী আধিকারিক রিপোর্ট জমা দিলেও অন্যজন কেন তা দিচ্ছেন না, সেই বিষয়টিও আদালতের নজরে আসে।
রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, যোগাযোগের ক্ষেত্রে কিছু ত্রুটির কারণেই এই সমস্যা হয়েছে। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করেছে রাজ্য সরকার। রাজ্যের তরফে জানানো হয়েছে, এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি দায়ের করা হয়েছে। পাল্টা সওয়ালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গোপাল শংকরনারায়ণ দাবি করেন যে, রাজ্যের দায়ের করা সেই এসএলপি ত্রুটিপূর্ণ। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত পরবর্তী শুনানির জন্য ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময় ধার্য করেছে।
