অমিত শাহের নীরবতা মানেই কি হিংসায় সম্মতি? নিট বিক্ষোভে পুলিশি তাণ্ডব নিয়ে সরাসরি পদত্যাগ চাইলেন রাহুল! – এবেলা

এবেলা ডেস্কঃ
নিট পরীক্ষার জট ও ককরোচ জনতা পার্টির শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, আন্দোলনকারী পড়ুয়াদের ওপর পেলেট গান, কাঁদানে গ্যাস ও বেধড়ক লাঠিচার্জ করা হয়েছে। অথচ এই ঘটনার প্রায় কুড়ি দিন কেটে গেলেও সংসদে এসে কোনও জবাব দেওয়ার প্রয়োজন মনে করেননি স্বরাষ্ট্রমন্ত্রী। কংগ্রেস সাংসদের সাফ কথা, শাহের এই নীরবতা স্পষ্ট প্রমাণ করে যে তিনি হিংসাকেই সমর্থন করছেন।
রাজধানীতে ঘটে যাওয়া এই হিংসাত্মক ঘটনা প্রসঙ্গে একটি নিবন্ধে রাহুল দাবি করেছেন, এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দুটি সম্ভাবনাই রয়েছে। হয় তিনি নিজেই এই হামলার নির্দেশ দিয়েছেন, নতুবা তিনি কী ঘটছে তা জানতেই পারেননি এবং সেক্ষেত্রে তিনি সম্পূর্ণ অযোগ্য। দুটি ক্ষেত্রেই সম্পূর্ণ দায়ভার তাঁর ওপর বর্তায় বলে অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তিতে এই ঘটনা বিরাট ধাক্কা দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
