অযোধ্যায় বড় চমক অখিলেশের, ১২ ডিসেম্বর রাম মন্দিরে পা রেখে কি পাল্টাবেন রাজনীতির সমীকরণ?

এবেলা ডেস্কঃ
অযোধ্যা সফরে অখিলেশ যাদব: রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা
নিজস্ব প্রতিবেদন: সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের আসন্ন অযোধ্যা সফরকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র কৌতূহল তৈরি হয়েছে। আগামী ১২ ডিসেম্বর অখিলেশের এই সফর নির্ধারিত হয়েছে। যদিও সমাজবাদী পার্টির তরফে এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচির ঘোষণা করা হয়নি, তবুও এই সফরকে কেবল ধর্মীয় ভাবাবেগের মধ্যে সীমাবদ্ধ রাখতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা।
সূত্রের খবর, অখিলেশ যাদব তাঁর এই সফরের দিনক্ষণ চূড়ান্ত করার দায়িত্ব দিয়েছিলেন দলের নেতা পবন পান্ডেকে। সেই নির্দেশ অনুযায়ীই নির্ধারিত হয়েছে সফরের দিন। রাম মন্দির নির্মাণের পর থেকে অযোধ্যা জাতীয় রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষ করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অযোধ্যা (ফৈজাবাদ) আসনে সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদের কাছে বিজেপি প্রার্থী লাল্লু সিংয়ের পরাজয় জাতীয় রাজনীতিতে বড় চমক তৈরি করেছিল। সেই জয়ের প্রেক্ষাপটে অখিলেশের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অতীতের নানা সময়ে রাম মন্দির ও এর নির্মাণ সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে সরব হতে দেখা গেছে অখিলেশ যাদবকে। পাশাপাশি, সমাজবাদী পার্টি বরাবরই ‘সর্বধর্ম সমন্বয়’-এর বার্তা দিয়ে নিজেদের সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল দল হিসেবে তুলে ধরার কৌশল নিয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রামলালার দরবারে অখিলেশের এই হাজিরা নিছক ধর্মীয় সফর নয়, বরং এর পেছনে সুদূরপ্রসারী রাজনৈতিক বার্তা রয়েছে। এই সফরের মাধ্যমে অখিলেশ আগামী দিনে উত্তরপ্রদেশের রাজনৈতিক সমীকরণে নতুন কোনো সমীকরণ তৈরির চেষ্টা করেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।
