অসুস্থ মীনাক্ষী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন শমীক ভট্টাচার্য

দীর্ঘদিন ধরে অসুস্থ কবি শক্তি চট্টোপাধ্যায়ের স্ত্রী মীনাক্ষী চট্টোপাধ্যায়। শনিবার তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে বেলেঘাটায় কবির বাসভবনে যান বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। কবির পরিবারের আমন্ত্রণে এই সাক্ষাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সাংসদ। তিনি কবির ছাত্র হিসেবে তাঁর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন এবং কবির জীবন ও ব্যক্তিত্বের নানা দিক নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎ শেষে শমীক ভট্টাচার্য বলেন, কবি শক্তি চট্টোপাধ্যায়ের সাফল্যের নেপথ্যে মীনাক্ষীদেবীর অবদান অনস্বীকার্য। কবির মতো বর্ণময় জীবনযাপনকে সামলে নেওয়া এবং তাঁকে প্রতিনিয়ত সহযোগিতা করার ক্ষেত্রে মীনাক্ষীদেবীর ভূমিকা অপরিসীম। তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রী স্বাতীর সেই বিখ্যাত উক্তিটি স্মরণ করেন যে, মীনাক্ষী না থাকলে শক্তি চট্টোপাধ্যায় হয়তো শক্তি চট্টোপাধ্যায় হয়ে উঠতেন না।
বর্তমানে অসুস্থতার মধ্যেও মীনাক্ষীদেবী লেখালেখি চালিয়ে যাচ্ছেন। এদিন তিনি শমীক ভট্টাচার্যকে তাঁর লেখা বই ‘আন্তরিক পর্যটনে’ উপহার দেন। এছাড়া মীনাক্ষীদেবীর আঁকা বিভিন্ন বিখ্যাত মানুষের স্কেচও সাংসদকে দেখান তিনি। শমীক ভট্টাচার্য এই মুহূর্তটিকে তাঁর জীবনের এক দুর্লভ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে কবির প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি এই সাক্ষাতে গিয়েছিলেন বলে জানান।
