অস্থির বিক্রমকে শান্ত করতে পারবেন প্রিয়াঙ্কা? ‘তারকাটা’র ডার্ক হিউমারে ভয়ংকর লুকে ময়াং চ্যাং!

টলিপাড়ার ‘চকোলেট বয়’ ইমেজ ঝেড়ে ফেলে নতুন অবতারে ধরা দিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। পরিচালক শমীক রায়চৌধুরীর আসন্ন সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার ‘তারকাটা’-র ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া পড়েছে। এই সিরিজের মাধ্যমেই প্রযোজক হিসেবে যাত্রা শুরু করছেন বিক্রম। ফার্স্ট লুকে রক্তমাখা মুখে আত্মঘাতী ভঙ্গিমায় অভিনেতার ‘রগচটা’ অবতার সিরিজের সাসপেন্সকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। খুব শীঘ্রই এই সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম ZEE5-এ মুক্তি পাবে।
সিরিজটির মূল চরিত্র অগ্নি সেন এক প্রাক্তন পুলিশ অফিসার, যিনি স্মৃতিলোপ ও মানসিক অস্থিরতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। নিজের অবদমিত অতীত এবং রহস্যময় অপরাধের সঙ্গে লড়াই করাই এই গল্পের উপজীব্য। এতে ময়াং চ্যাং-কে ভয়ঙ্কর খলনায়ক ‘ডোডো’র ভূমিকায় এবং প্রিয়াঙ্কা সরকারকে এক শান্ত চরিত্রে দেখা যাবে। বিক্রম, প্রিয়াঙ্কা ও চ্যাং ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য ও দেবেশ রায়চৌধুরীর মতো শিল্পীরা। অ্যাকশন ও ডার্ক হিউমারের মেলবন্ধনে তৈরি এই সিরিজটি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
