অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি দেখা করুন কর্তাদের সঙ্গে! প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার বসবে ‘জনতার দরবার’ – এবেলা
September 1, 2026

এবেলা ডেস্কঃ
সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতে এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে প্রতি সপ্তাহে নির্দিষ্ট দুই দিন নাগরিকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে হবে সব সরকারি আধিকারিককে।
মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল স্বাক্ষরিত এই নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার সরকারি দফতরগুলিতে বসবে ‘জনতার দরবার’।
নতুন নির্দেশিকার মূল বিষয়সমূহ:
- নির্দিষ্ট সময়: প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০:৩০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত সমস্ত স্তরের আধিকারিকদের নিজ নিজ দফতরে উপস্থিতি বাধ্যতামূলক।
- বিনামূল্যে ও অনুমতি ছাড়া সাক্ষাৎ: এই সময়ে সাধারণ মানুষ কোনো পূর্ব অনুমতি বা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি উপস্থিত হয়ে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন।
- প্রযোজ্য ক্ষেত্র: পঞ্চায়েত ও ব্লকের মতো একদম নিচুতলা থেকে শুরু করে জেলা ও রাজ্য পর্যায়ের সিভিল প্রশাসন, রাজ্য পুলিশ, বন দফতরসহ সমস্ত সরকারি বিভাগের আধিকারিক ও থানা স্তরের ওসি/আইসি-রা এই নিয়মের আওতায় থাকবেন।
- অন্য কাজে নিষেধাজ্ঞা: নির্ধারিত ওই দুই দিনের নির্দিষ্ট সময়ে সরকারি আধিকারিকরা কোনো মিটিং বা ফিল্ড ভিজিটে যেতে পারবেন না। এই পুরো সময়টি শুধুই সাধারণ মানুষের জন্য বরাদ্দ থাকবে।
- যোগাযোগের তথ্য প্রকাশ: স্বচ্ছতা বজায় রাখতে আধিকারিকদের সরকারি মোবাইল নম্বর ও ইমেল আইডি অফিসের নোটিশ বোর্ডে বড় অক্ষরে টাঙানো এবং সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা বাধ্যতামূলক করা হয়েছে।
- অভিযোগ ট্র্যাকিং ও কড়া নজরদারি: জমা পড়া সমস্ত অভিযোগ ও তার সমাধানের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করতে ‘আপনার সরকার আপনার পাশে’ (ASAP) পোর্টালটিকে আরও আধুনিকভাবে সাজানো হচ্ছে। এই পোর্টালে প্রতিটি বিষয়ের আপডেট থাকবে, যা নিয়মিত তদারকি করবেন জেলাশাসক ও বিভাগীয় কমিশনাররা।
