অ্যালগরিদম বদলাতেই হবে, মেটার উপর কি কড়া নজর রাখছে কেন্দ্র! – এবেলা
এবেলা ডেস্কঃ
ডিপফেক, বিকৃত তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের লাগাম টানতে প্রযুক্তি সংস্থা মেটার উপর চাপ আরও বাড়াল কেন্দ্র। মেটার অ্যালগরিদমে প্রয়োজনীয় পরিবর্তন আনার পাশাপাশি, এই ধরনের কনটেন্টের মোকাবিলায় সংস্থাটি কী কী পদক্ষেপ করবে, তার একটি বিস্তারিত রোডম্যাপ জমা দিতে বলা হয়েছে। সাম্প্রতিক এক উচ্চপর্যায়ের বৈঠকের পর টেক জায়ান্টটিকে একাধিক কঠোর শর্ত মেনে চলার নির্দেশ দিয়েছে কেন্দ্র। যার অন্যতম হলো অ্যালগরিদমে বড় ধরনের বদল আনা, যাতে ভুয়ো খবর ও অপপ্রচার দ্রুত শনাক্ত করা যায়। একই সঙ্গে ভারতের তথ্য স্থানীয়করণ বা ডেটা-লোকালাইজেশন সংক্রান্ত নিয়ম কঠোরভাবে মেনে চলার এবং সরকারের কুইক রেসপন্স টিমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রের এই কড়া অবস্থানের নেপথ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পোস্ট মুছে ফেলার মতো চাঞ্চল্যকর ঘটনা। সম্প্রতি প্রশ্নফাঁস সংক্রান্ত প্রধানমন্ত্রীর একটি ভিডিও সোশাল মিডিয়া থেকে সরিয়ে দেয় মেটা। যদিও পরে যান্ত্রিক ত্রুটির অজুহাত দিয়ে ক্ষমা চেয়ে পোস্টটি পুনরুদ্ধার করা হয়, তবে তথ্যপ্রযুক্তি মন্ত্রক এই ব্যাখ্যাকে অত্যন্ত অসন্তোষজনক বলে মনে করে। এর পরেই মেটার শীর্ষ কর্মকর্তাদের তলব করে কড়া বার্তা দেওয়া হয়। বর্তমানে মেটা ভারতের আইটি আইনের নিয়মাবলি সঠিকভাবে মেনে চলছে কি না, তা খতিয়ে দেখছে কেন্দ্র। উদ্বেগ পুরোপুরি না কাটা পর্যন্ত প্রযুক্তি জায়ান্টটির উপর সরকারের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেই সরকারি সূত্রে জানা গেছে।
