আইএসএফ ছাড়তেই ঋতব্রতর সঙ্গে চা-পান! আরাবুল কি তবে ফের তৃণমূলেই ফিরছেন? – এবেলা

এবেলা ডেস্কঃ
বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দেওয়া ভাঙড়ের প্রভাবশালী নেতা আরাবুল ইসলাম সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে দলত্যাগের ঘোষণা করেন। আইএসএফের স্বৈরাচার ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি লুম্পেন বাহিনীর অত্যাচারের অভিযোগ তুলে দল ছাড়েন তিনি। এর পরই সোমবার দুপুরে বিধানসভায় গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে চা-পান করায় তাঁর দলবদল নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। এই সাক্ষাতের বিষয়ে আরাবুল ইসলাম জানান যে তিনি সাধারণ কাজেই বিধানসভায় গিয়েছিলেন এবং সে সময় তাঁদের মধ্যে সৌজন্যমূলক আলোচনা হলেও দলবদলের সিদ্ধান্ত নিয়ে এখনও কিছু হয়নি।
অন্যদিকে, আরাবুলের সঙ্গে এই বৈঠকের প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বিষয়টিকে ‘ক্রমশ প্রকাশ্য’ বলে উল্লেখ করেন এবং ভাঙড়ের মানুষের ওপর হওয়া অত্যাচার নিয়ে আলোচনা হয়েছে বলে জানান। এদিকে আইএসএফ ত্যাগের পর থেকেই ভাঙড়ে চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। গত শনিবার রাতে বাড়ি ফেরার পথে এবং সোমবার সকালে ভাঙড় ২ ব্লক অফিস চত্বরের সামনে আরাবুল ইসলামের গাড়িতে হামলা ও ইট-পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে। আইএসএফ কর্মীদের বিক্ষোভ ও ‘চোর’ স্লোগানের মুখে পড়ে পুলিশি সহায়তায় তাঁকে ঘটনাস্থল ছাড়তে হয়। একের পর এক এমন ঘটনায় ভাঙড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আরাবুলের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে জল্পনা এখন তুঙ্গে।
