আইফেল টাওয়ারে লিঙ্গ বৈষম্যের ছায়া! বিদেশি সংগঠনের সফরে পদত্যাগ শীর্ষকর্তার – এবেলা

এবেলা ডেস্কঃ
প্যারিস: বিশ্বখ্যাত ঐতিহ্যবাহী স্থাপত্য আইফেল টাওয়ারে চরম লিঙ্গ বৈষম্যের অভিযোগ ঘিরে তোলপাড় বিশ্বজুড়ে। এক হিন্দু সংগঠনের সফরকে কেন্দ্র করে দানা বাঁধা এই বিতর্কের জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন আইফেল টাওয়ার পরিচালনকারী সংস্থা ‘এসইটিই’ (SETE)-র শীর্ষকর্তা প্যাট্রিক ব্রাঙ্কো রুইভো। চলতি বছরের শেষেই তিনি পদ ছেড়ে দেবেন।
ঘটনার নেপথ্যে কী? গত ৫ সেপ্টেম্বর ‘বোচাসনওয়াসি শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা’ (BAPS)-র একটি প্রতিনিধি দল প্যারিসের আইফেল টাওয়ার পরিদর্শনে আসে। অভিযোগ ওঠে, ওই সংগঠনের সদস্যদের অভ্যর্থনা জানানো এবং ঘোরানোর দায়িত্বে থাকা টিম থেকে সুপরিকল্পিতভাবে সমস্ত মহিলা কর্মীকে ছুটি দিয়ে ডিউটি থেকে সরিয়ে রাখা হয়েছিল।
কর্মীদের প্রতিবাদ ও অচলাবস্থা কর্তৃপক্ষের এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন আইফেল টাওয়ারের কর্মীদের এক বিরাট অংশ। কর্মক্ষেত্রে বৈষম্যের তীব্র প্রতিবাদে সরব হয়ে তাঁরা বিক্ষোভে নামেন। পরিস্থিতি এতটাই জটিল রূপ নেয় যে, গত ৭ সেপ্টেম্বর পর্যটকদের জন্য আইফেল টাওয়ারের প্রবেশদ্বার সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় প্রশাসন।
তদন্তে স্পষ্ট গাফিলতি পরিস্থিতি সামাল দিতে একটি স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্ত করানো হয়। তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়, মহিলা কর্মীদের ইচ্ছাকৃতভাবেই দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছিল এবং এর পেছনে ছিল গুরুতর প্রশাসনিক অনিয়ম। ২০১৮ সাল থেকে দায়িত্ব সামলানো প্যাট্রিক ব্রাঙ্কো রুইভোর ইস্তফার সিদ্ধান্ত এর পরেই চূড়ান্ত হয়।
সংগঠনের সাফাই বিতর্কের মুখে পড়ে BAPS-এর তরফে জানানো হয়েছে, তারা কখনোই মহিলা কর্মীদের সরিয়ে দেওয়ার কোনো অনুরোধ করেনি। তারা কেবল সাধারণ পর্যটক ও কর্মীদের সুবিধা রেখে সুশৃঙ্খল সফরের আর্জি জানিয়েছিল। তবে কারণ যা-ই হোক, এই অনভিপ্রেত ঘটনার ফলে বিশ্বমঞ্চে আইফেল টাওয়ারের ভাবমূর্তিতে বড়সড় ধাক্কা লেগেছে।
