আইফোনের কিস্তি মেটাতে ব্যর্থ বাবা: পাহাড় থেকে ঝাঁপ যুবকের, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-বাবারও! – এবেলা

আইফোনের কিস্তি মেটাতে ব্যর্থ বাবা: পাহাড় থেকে ঝাঁপ যুবকের, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-বাবারও! – এবেলা

এবেলা ডেস্কঃ

আইফোনের কিস্তি (EMI) মেটানোর টাকা না পাওয়াকে কেন্দ্র করে পারিবারিক চরম অশান্তি এবং তার জেরে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের তিসগাঁও এলাকার খাভদ্যা পাহাড়ে ১৮ বছরের এক যুবকের চরম সিদ্ধান্তের কারণে প্রাণ হারালেন একই পরিবারের তিন সদস্য। মৃতেরা হলেন ১৮ বছর বয়সী যুবক কুণাল চন্দগুড়ে, তাঁর বাবা পেশায় গাড়িচালক মুরলীধর চন্দগুড়ে (৪৮) এবং মা সঙ্গীতা চন্দগুড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুণাল সম্প্রতি একটি আইফোন কেনেন। সেই ফোনের কিস্তির টাকা মেটানোর জন্য তিনি পরিবারের ওপর চাপ সৃষ্টি করেন। কিন্তু পরিবারের একমাত্র উপার্জনকারী বাবা মুরলীধরের পক্ষে আর্থিক অনটনের কারণে সেই টাকা দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে বাড়িতে তীব্র বচসা হলে ক্ষুব্ধ কুণাল শুক্রবার সকাল ১০টা নাগাদ খাভদ্যা পাহাড়ে উঠে আত্মহত্যার হুমকি দিতে থাকেন।

খবর পেয়ে কুণালের মা-বাবা, স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় তিন ঘণ্টা ধরে কুণালকে বোঝানোর চেষ্টা চালানো হয়। দমকলকর্মীরা পাহাড়ের নিচে নিরাপত্তা জাল বসানোর চেষ্টা করলেও কুণাল বারবার পাহাড়ের কিনারায় নিজের অবস্থান বদলাতে থাকেন, ফলে উদ্ধারকাজ ব্যাহত হয়।

দুপুর ১টা নাগাদ কুণালের বাবা মুরলীধর ছেলেকে বাঁচাতে পাহাড়ের একদম কিনারায় এগিয়ে যান। ঠিক তখনই কুণাল নিচে পড়ে যান এবং তাঁকে আঁকড়ে ধরে বাঁচাতে গিয়ে ভারসাম্য হারিয়ে খাদের গভ্যে পড়ে যান মুরলীধরও। চোখের সামনে স্বামী ও সন্তানকে পড়ে যেতে দেখে মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে পড়ে যান মা সঙ্গীতাও। ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। পুলিশ দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *