আইফোন লঞ্চের কৌশলে বড় পরিবর্তন আনছে অ্যাপল, ২০২৭ সালে আসতে পারে নতুন মডেল

অ্যাপল তাদের আইফোন লঞ্চের কৌশলে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে। প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যানের রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি এখন থেকে বছরে দুবার আইফোন বাজারে আনার কথা ভাবছে। এই নতুন পরিকল্পনার অংশ হিসেবে ২০২৭ সালের প্রথম কোয়ার্টারে, বিশেষ করে মার্চ মাসে বাজেট ও স্ট্যান্ডার্ড মডেলগুলো বাজারে আনার সম্ভাবনা রয়েছে। ওই সময়েই আইফোন ১৮ই এবং দ্বিতীয় প্রজন্মের আইফোন এয়ার লঞ্চ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উৎপাদন প্রক্রিয়ার ওপর চাপ কমাতে এবং স্যামসাংয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করতেই অ্যাপল এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ভারত ও চীনের কারখানাগুলোতে কাজের চাপ কমবে এবং প্রিমিয়াম প্রো মডেলের পাশাপাশি বাজেট ফোনগুলোর বিপণন আরও কার্যকর হবে। ভারতের মতো বাজারে যেখানে ক্রেতারা দাম ও মানের দিকে বেশি নজর দেন, সেখানে আইফোন ১৮ই মডেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
লিক হওয়া তথ্য অনুযায়ী, আইফোন ১৮ই মডেলে টিএসএমসি-র ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এ২০ চিপসেট এবং ৮ থেকে ৯ জিবি র্যাম থাকতে পারে। এতে ৬.১ ইঞ্চির ওলেড ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। ফোনটি স্লিম রাখতে ফিজিক্যাল সিম ট্রে বাদ দিয়ে শুধুমাত্র ই-সিম ব্যবহারের সুবিধা রাখা হতে পারে। ভারতীয় বাজারে এই ফোনের প্রাথমিক দাম প্রায় ৭৯,৯০০ টাকা থেকে শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
