লেটেস্ট নিউজ

আকাশছোঁয়া জ্বালানির দাম: বিমান ভাড়া বৃদ্ধির আশঙ্কায় মাথায় হাত আমজনতার – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে বিমানের জ্বালানি বা এটিএফ-এর দাম প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই নজিরবিহীন মূল্যবৃদ্ধির সংকটে পড়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দ্বারস্থ হয়েছে বিমান সংস্থাগুলি। তাদের আবেদন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জ্বালানির ওপর ধার্য কেন্দ্রীয় আবগারি শুল্ক ও রাজ্যের ভ্যাট সাময়িকভাবে প্রত্যাহার করা হোক। অন্যথায় বর্তমান খরচে পরিষেবা সচল রাখা আসাম্ভব হয়ে পড়বে।

জ্বালানির বাড়তি খরচের চাপে ইতিমধ্যেই বিভিন্ন রুটে উড়ানের সংখ্যা কমিয়ে দিয়েছে সংস্থাগুলি। বিশেষ করে ‘উড়ান’ প্রকল্পের আওতায় থাকা ছোট শহরগুলির সংযোগকারী বিমান পরিষেবা বিঘ্নিত হচ্ছে। সংস্থাগুলি ইতিমধ্যেই ফুয়েল সারচার্জ বাড়িয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে যাত্রীদের পকেটে। সংশ্লিষ্ট মহলের ধারণা, এপ্রিল মাস থেকে বিমান ভাড়া আরও এক দফা বাড়তে পারে, যা সাধারণ যাত্রীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব পড়ছে সিমেন্ট, ইস্পাত ও বস্ত্রশিল্পেও। কাঁচামালের অভাবে সুরাত ও মহারাষ্ট্রের বহু টেক্সটাইল ইউনিট বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়ছেন পরিযায়ী শ্রমিকরা। বিয়ের মরসুমের আগে অভ্যন্তরীণ বাজারে পোশাকের দাম বাড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তবে রাজকোষের আয়ের কথা মাথায় রেখে সরকার জ্বালানির ওপর থেকে শুল্ক কমানোর বিষয়ে এখনই কোনো ইতিবাচক সংকেত দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *