আগামী দুই মাস রবিবারে মেট্রো পরিষেবায় বড় বদল, জেনে নিন বিস্তারিত সময়সূচি

কলকাতা মেট্রোর ব্লু লাইনে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী দুই মাস বেশ কিছু রবিবারে পরিষেবা ব্যাহত থাকবে। মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। তবে এই সময়ে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। উভয় প্রান্ত থেকেই দিনের প্রথম মেট্রো সকাল ৯টায় ছাড়বে এবং শেষ মেট্রো স্বাভাবিক সময়সূচি মেনেই চলাচল করবে।
আগামী ১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। ওই দিন দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করবে। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো সকাল ৯টায় এবং ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৯টা ১৫ মিনিটে ছাড়বে। এই দিনগুলোতেও শেষ মেট্রো পরিষেবা স্বাভাবিক সময়েই পাওয়া যাবে। রক্ষণাবেক্ষণের কাজের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহের কাজের দিনগুলোতে যাত্রীদের ভোগান্তি এড়াতেই ছুটির দিনটিকে রক্ষণাবেক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে। এই কাজের ফলে ভবিষ্যতে যাত্রীরা আরও উন্নত ও নিরাপদ পরিষেবা পাবেন। উল্লেখ্য, এই রক্ষণাবেক্ষণের সময় ইয়েলো এবং গ্রিন লাইনে মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। তবে পার্পল ও অরেঞ্জ লাইনে উল্লিখিত দিনগুলিতে কোনো মেট্রো চলাচল করবে না। যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য মেট্রো রেলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।
