আজই ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! চাঁদিফাটা গরমের মাঝেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে জারি হাই অ্যালার্ট – এবেলা

আজই ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! চাঁদিফাটা গরমের মাঝেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে জারি হাই অ্যালার্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: প্যাচপ্যাচে গরম আর চড়া রোদে পুড়ছে গোটা বাংলা। সকাল গড়াতেই তীব্র রোদের তাপে রাস্তায় বেরোনো কার্যত আসাম্ভব হয়ে পড়ছে কলকাতাবাসীর জন্য। সঙ্গে মাত্রাতিরিক্ত আর্দ্রতার কারণে গলদঘর্ম অবস্থা সাধারণ মানুষের। তবে এই চড়া গরমের মাঝেই এবার স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। কলকাতা সংলগ্ন জেলাগুলিতে আজই ধেয়ে আসতে পারে ঝড়-বৃষ্টি।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। মহানগরে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও, বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি মিলতে পারে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৭ শতাংশ।

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ঝড়ের দাপট?

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জেলাগুলির কিছু কিছু এলাকায় বজ্রপাতের পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বা কালবৈশাখীর মতো ঝড় বয়ে যেতে পারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা:

টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গে তাপমাত্রা খুব একটা বাড়তে পারেনি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের অধিকাংশ জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *