আতঙ্ক কাটিয়ে ছন্দে পহেলগাম! পর্যটকদের সুরক্ষায় এবার বিশেষ QR কোড পরিষেবা

গত বছরের ভয়াবহ জঙ্গি হামলার আতঙ্ক কাটিয়ে পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে পহেলগামে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পনি-রাইড চালক, স্থানীয় হকার ও ব্যবসায়ীদের জন্য কিউআর কোডভিত্তিক বিশেষ পরিচয়পত্র চালু করা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগের ফলে এখন থেকে যেকোনো পরিষেবা গ্রহণের আগে পর্যটকরা সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারবেন।
মোবাইল দিয়ে কিউআর কোডটি স্ক্যান করলেই ওই ব্যক্তির নাম, ঠিকানা, রেজিস্ট্রেশন নম্বর ও পুলিশ ভেরিফিকেশনের তথ্য সংশ্লিষ্টদের স্ক্রিনে ভেসে উঠবে। স্থানীয় বাসিন্দা ও বাইরের রাজ্য থেকে আসা বিক্রেতা—উভয়কেই এই ডিজিটাল ট্র্যাকিং ও কঠোর পুলিশি যাচাইয়ের আওতায় আনা হয়েছে। গত বছরের এপ্রিলে বৈসরণী ভ্যালিতে হামলার ঘটনা এবং তার পরবর্তী পর্যটন খাতের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতেই এই আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও পনি-অপারেটররা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
