‘আপনাদের কি কোনও মানবিকতা নেই?’ চুক্তিভিত্তিক কর্মী বঞ্চনায় দূরদর্শনকে তুলোধনা হাইকোর্টের! – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘ ৩৫ বছর ধরে কাজ করার পরেও জোটেনি চাকরির স্থায়ীকরণ। অবসরের পরেও নিজেদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত দূরদর্শনের চুক্তিভিত্তিক কর্মীরা। এবার এই বঞ্চনার বিরুদ্ধেই কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। দূরদর্শন কর্তৃপক্ষকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রধান বিচারপতির চরম ভর্ৎসনা, “আপনাদের কি কোনও মানবিকতা নেই?”
আদালত সূত্রে খবর, ১৯৮৯ সাল থেকে দূরদর্শনে কর্মরত এক ব্যক্তির চাকরি ২০১৬ সালে স্থায়ী করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষের টালবাহানায় দীর্ঘসূত্রিতা চলতে থাকে এবং তা আর বাস্তবায়িত হয়নি। শেষমেশ ওই কর্মী ২০২৪ সালে অবসর গ্রহণ করেন। এই নির্দিষ্ট মামলার শুনানিতেই দূরদর্শনের একাধিক চুক্তিভিত্তিক কর্মীর তিন দশকের দুর্দশার কথা উঠে আসে।
মামলাটির শুনানি হয় প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চে। বম্বে হাইকোর্টের একটি মামলার প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি এই অমানবিক আচরণের তীব্র নিন্দা করেন। ক্ষুব্ধ প্রধান বিচারপতি স্পষ্ট জানান, “ঘণ্টার পর ঘণ্টা আইনি ফাঁকফোকর দিয়ে যুক্তি সাজিয়ে কোনও লাভ নেই। দীর্ঘ ৩০ বছরের শোষণই এর সবচেয়ে বড় প্রমাণ। কোনও সংস্থাই দিনের পর দিন এমন অমানবিক আচরণ চালিয়ে যেতে পারে না।”
শুনানি শেষে আদালত নির্দেশ দিয়েছে, ১৯৯২ সালের নীতির ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মীদের বকেয়া এবং প্রাপ্য অধিকার অবিলম্বে মিটিয়ে দিতে হবে। দূরদর্শনের আইনজীবীর সময় চাওয়ার আবেদনের ভিত্তিতে আগামী ৮ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট। তবে ওইদিন যাতে কোনওরকম গড়িমসি না হয়, তা আগেভাগেই স্পষ্ট করে দিয়েছে আদালত। এখন ৮ তারিখ দূরদর্শন কর্তৃপক্ষ আদালতে কী ব্যাখ্যা দেয়, সেদিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।
