আপনার ব্যাগে কি লুকিয়ে রাখা হচ্ছে বিস্ফোরক? সাবধান!

প্রথম দফার ভোটের সাত দিন আগে দমদম সেন্ট্রাল জেল ময়দানের সভা থেকে কেন্দ্রীয় এজেন্সি ও বাহিনীর অতি-তৎপরতা নিয়ে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে ভোটার ও রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, তল্লাশির নামে সাধারণ মানুষের ব্যাগে আপত্তিকর বস্তু বা মাদক ঢুকিয়ে চক্রান্ত করে ফাঁসানো হতে পারে। বিরোধীদের চাপে ফেলতেই নির্বাচনের প্রাক্কালে এমন পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তৃণমূল নেতা দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা নিয়েও এদিনের সভা থেকে তীব্র উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের ঠিক মুখে কেন এই সক্রিয়তা দেখানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীকে কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ না করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে তিনি দেশের এই সংস্থার মর্যাদা রক্ষার বার্তা দিয়েছেন।
