লেটেস্ট নিউজ

আফগানিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে চরম খাদ্যসংকট পাকিস্তানে! ২০ লক্ষ টন গমের ঘাটতিতে হাহাকার ইসলামাবাদে – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: একদিকে আফগানিস্তানের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ আর অন্যদিকে দেশের অন্দরে প্রবল খাদ্যসংকট— দুই সাঁড়াশি চাপে কার্যত কোণঠাসা পাকিস্তান। মার্কিন কৃষি দপ্তরের সাম্প্রতিক এক চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করা হয়েছে, চলতি বছরে পাকিস্তানে গমের উৎপাদন প্রায় ২০ থেকে ২২ লক্ষ টন কম হতে চলেছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই সে দেশে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

পাকিস্তানের সাধারণ মানুষের প্রধান খাদ্যই হলো গম। রুটি, নান বা পাউরুটির ওপর ভিত্তি করেই দিন গুজরান করেন কোটি কোটি মানুষ। ভাত বা ভুট্টার জন্য বিদেশের ওপর নির্ভর করলেও, গমের ক্ষেত্রে পাকিস্তান বরাবরই ছিল স্বনির্ভর। কিন্তু যুদ্ধের এই সংকটকালে ২০ লক্ষ টনের বিশাল ঘাটতি সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের পাতে। মার্কিন দপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত বছরের তুলনায় এবার ফলন আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় বাজারের পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে।

পরিস্থিতি আরও জটিল হয়েছে প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সরাসরি সংঘাত শুরু হওয়ায়। ইতিমধ্যেই কান্দাহার ও কাবুলের বিভিন্ন এলাকায় আকাশপথে হামলা চালিয়েছে পাক ফৌজ। পালটা জবাব দিয়েছে আফগান বাহিনীও। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আফগানিস্তানের বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা করেছে ইসলামাবাদ, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গজব লিল হক’।

পাক সেনার দাবি, তাদের হামলায় ১৩৩ জন আফগান সেনার মৃত্যু হয়েছে। উলটোদিকে আফগানিস্তানের দাবি, তারা ৫৫ জন পাক সেনাকে খতম করেছে। যুদ্ধের এই ডামাডোলের মধ্যে গমের ঘাটতি যে দেশের অর্থনীতি ও জনজীবনকে খাদের কিনারায় ঠেলে দেবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই বিশেষজ্ঞদের। সব মিলিয়ে যুদ্ধের বাজারে এখন ‘পেটে কিল’ খাওয়ার জোগাড় পাকিস্তানের সাধারণ মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *