আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ: টাকা ফেরতের নির্দেশ ব্লক প্রশাসনের

পশ্চিমবঙ্গ আবাস যোজনার সুবিধা বণ্টনে স্বচ্ছতা বজায় রাখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল ব্লক প্রশাসন। প্রকল্পের সুবিধাভোগীদের একাংশের বিরুদ্ধে পাকা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়া, অনেকে টাকা পাওয়ার পরেও বাড়ি তৈরির কাজ শুরু করেননি বলে অভিযোগ রয়েছে। এই অনিয়ম রুখতে প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী, যাঁদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি অনুদান নেওয়ার প্রমাণ মিলেছে, তাঁদের আগামী সাত দিনের মধ্যে সম্পূর্ণ টাকা সরকারি কোষাগারে ফেরত দিতে বলা হয়েছে। অন্যদিকে, টাকা পাওয়ার পরেও বাড়ি নির্মাণ শুরু না করা উপভোক্তাদের আগামী তিন দিনের মধ্যে কাজ শুরু করার চরম নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশ পালন না করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
সরিষা গ্রাম পঞ্চায়েতের ১৪৩ জন উপভোক্তাকে ঘিরে এই অনিয়মের অভিযোগ সামনে এসেছে। অভিযুক্তদের তালিকায় স্বপন হালদার, নাজিরা বিবি, সাহিল দপ্তরী ও মৈমুর দপ্তরীদের মতো ব্যক্তিদের নাম রয়েছে। তবে অভিযুক্তদের একাংশ পাল্টা দাবি করেছেন যে, তাঁদের জোর করে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগও তুলেছেন তাঁরা। এই ঘটনায় এলাকায় তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।
