আমডাঙায় ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে কোটি টাকার প্রতারণা, জামতাড়া গ্যাংয়ের যোগসূত্রে ধৃত ৫

উত্তর ২৪ পরগনার আমডাঙায় ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকার সাইবার প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে ঝাড়খণ্ডের কুখ্যাত জামতাড়া গ্যাংয়ের সঙ্গে এই চক্রের সরাসরি যোগসূত্র পাওয়া গেছে। এক নাবালকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ এই প্রতারণা চক্রের পর্দাফাঁস করে।
পুলিশি তদন্তে জানা গেছে, সাধনপুরের বাসিন্দা দিব্যজ্যোতি সরকার এলাকার নাবালকদের গেম খেলার প্রলোভন দেখিয়ে তাদের ব্যক্তিগত নথি সংগ্রহ করত। সেই নথি ব্যবহার করে সিএসপি-র মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হতো এবং পরে ওই অ্যাকাউন্টের এটিএম কার্ড জামতাড়া গ্যাংয়ের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হতো। গত এক বছরে অন্তত ৫৩টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার তথ্য সামনে এসেছে।
এই ঘটনায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা অপারেটর শেখ সরফরাজ ইসলাম-সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে পুলিশ ৭১ হাজার ৫০০ টাকা নগদ, তিনটি স্মার্টফোন, প্রচুর পরিমাণে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও খাদ্যসাথী কার্ড উদ্ধার করেছে। এছাড়া তিনটি প্রিন্টার, একটি ফিঙ্গার স্ক্যানার এবং সরকারি ইঞ্জিনিয়ারের জাল স্ট্যাম্পও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বারাসত আদালতে পেশ করা হয়েছে এবং প্রতারণার জাল কতদূর বিস্তৃত তা জানতে তদন্ত চলছে।
