আমফানের ত্রাণের ২৫০ কোটি গায়েব! সাংসদ অভিষেকের বিরুদ্ধে থানায় গুরুতর দুর্নীতির অভিযোগ বিজেপির – এবেলা

এবেলা ডেস্কঃ
ডায়মন্ড হারবার: কয়লা, লক্ষ্মীর ভাণ্ডার বা শিক্ষক নিয়োগের পর এবার আমফানের ত্রাণ নিয়েও বড়সড় কেলেঙ্কারির অভিযোগ উঠল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ২০২০ সালের আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণ তহবিল থেকে প্রায় ২৫০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমিধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
বিজেপি নেতা অভিজিৎ দাসের দাবি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতিটি থানায় এই নিয়ে আলাদা আলাদা অভিযোগ দায়ের করা হবে। শুধু তাই নয়, এই বিপুল টাকার দুর্নীতির নিরপেক্ষ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT) গঠনেরও দাবি জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগেও অভিষেকের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছিলেন এই বিজেপি নেতা।
কী এই ২৫০ কোটির দুর্নীতির অভিযোগ?
অভিযোগপত্রে জানানো হয়েছে, ২০২০ সালে আমফান ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য রাজ্য সরকারের তরফে বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। সেখানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ‘ডিবিটি’ (DBT)-র মাধ্যমে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির জন্য ২০ হাজার টাকা এবং ঘর মেরামতের জন্য ৫ হাজার টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা বলা হয়।
বিজেপি নেতার বিস্ফোরক অভিযোগ, সরকারি পোর্টালে কারচুপি করে বহু পাকা বাড়িকে ‘ক্ষতিগ্রস্ত’ দেখিয়ে লাখ লাখ টাকা পাইয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, একই ছাদের তলায় বসবাসকারী একাধিক ব্যক্তিকে আলাদা আলাদা পরিবার দেখিয়ে বেআইনিভাবে এই টাকা দেওয়া হয়েছে। আর এই সরকারি টাকা পাইয়ে দেওয়ার নাম করে বড় অঙ্কের ‘কাটমানি’ নেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন অভিজিৎ দাস। আমফানের ত্রাণের এই বিপুল টাকা সাধারণ মানুষের কাছে না পৌঁছে তৃণমূলের পকেটে গিয়েছে বলেই দাবি পদ্ম শিবিরের।
