“আমরাই আসল তৃণমূল!” অনুব্রতর ‘ঋতব্রত’ নিয়ে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় – এবেলা

এবেলা ডেস্কঃ
বর্ধমান: “যাঁরা পারবেন একুশে জুলাই কলকাতায় আসুন। মনে রাখবেন, আমরাই আসল তৃণমূল। ৪১ শতাংশ মানুষের সমর্থন আমাদের সঙ্গেই আছে।” শনিবার পূর্ব বর্ধমানে দলীয় কর্মীদের সঙ্গে এক প্রস্তুতি সভায় এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় আক্রমণ করেন ঋতব্রত ও সংশ্লিষ্ট কমিটিকে। তিনি স্পষ্টভাবে বলেন, “তৃণমূল কংগ্রেসের কাছে ঋতব্রতর কোনো গুরুত্ব নেই। এঁদের তৈরি কমিটি সম্পূর্ণ গুরুত্বহীন। সাধারণ মানুষের সমর্থন এঁদের সাথে নেই।” তিনি শর্মিলা সরকারের নাম করে কটাক্ষ করেন, এলাকায় গিয়ে কর্মীদের সঙ্গে তিনি আদৌ দেখা করেছেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন।
অনু্রত মণ্ডলের ঘনিষ্ঠ ঋতব্রতের দলবদল নিয়ে নানা গুঞ্জন প্রসঙ্গে কল্যাণ বলেন, “শোনা তো অনেক কিছুই যায়। আপনারা তো একসময় বলেছিলেন স্বপন দেবনাথ নাকি দল ছেড়ে দিয়েছেন, অথচ তিনি তো আজ আমার পাশেই বসে আছেন।”
রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংসদ বলেন, রাজ্যজুড়ে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ১৪ হাজার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তবে আগামী এক বছর কর্মীদের পাশে নেতৃত্ব রয়েছে বলে তিনি অভয় দেন। পাশাপাশি, বর্ধমানে নিহত ও আহত তৃণমূল কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সাংসদ কীর্তি আজাদকে অনুরোধ করেন। রাজ্যের ‘গুন্ডাদমন আইন’ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “যাঁরা নিজেরা গুন্ডা ছিলেন, আজ তাঁরাই গুন্ডাদমনের কথা বলছেন!”
শনিবার একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার উদ্দেশ্যে পূর্ব বর্ধমানের দলীয় কার্যালয়ে পৌঁছান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে আয়োজিত রুদ্ধদ্বার বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন সাংসদ কীর্তি আজাদ, স্বপন দেবনাথ, অলক মাঝি, দেবু টুডু ও শান্তনু কোনারের মতো শীর্ষস্থানীয় নেতৃত্ব। কর্মীদের উদ্দীপনাপূর্ণ স্লোগানে স্বাগত জানানো হয় সাংসদকে। তবে এই গুরুত্বপূর্ণ বৈঠকে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ছিল না।
