‘আমরা কিন্তু এ বার ধর্নায় বসব!’ কেন্দ্রকে বড় হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের, না হলে কী করবেন বিচারপতিরা? – এবেলা

‘আমরা কিন্তু এ বার ধর্নায় বসব!’ কেন্দ্রকে বড় হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের, না হলে কী করবেন বিচারপতিরা? – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লির রাস্তায় পথচারীদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর চরম অভাব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ সাফ জানিয়েছে, অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ না করা হলে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আদালতের বিচারপতিরাই অতিরিক্ত সলিসিটর জেনারেলকে সঙ্গে নিয়ে দিল্লি হাই কোর্টের বাইরে অবস্থানে বসবেন। মথুরা রোডে দিল্লি হাই কোর্টের মোড় এবং ন্যাশনাল জ়ুলজিক্যাল পার্কের কাছে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের ব্যবস্থা সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই চাঞ্চল্যকর মন্তব্য করে শীর্ষ আদালত।

ওই এলাকায় পরিকাঠামোগত সুবিধার অভাব নিয়ে চলা মামলার শুনানিতে কেন্দ্র জানায়, ক্রসিংটিতে কী কী প্রয়োজন, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই জবাবে সন্তুষ্ট না হয়ে আদালত জানায়, কমিটি গঠন হয়েছে ভালো কথা, কিন্তু সুনির্দিষ্ট পদক্ষেপ করতে হবে, নতুবা মুখ্যসচিবকে ডেকে পাঠানো হবে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে এই বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে আদালত। যদিও আইনি মহলের একাংশের মতে, বিচারপতির এই মন্তব্যের নেপথ্যে কিছুটা হালকা মেজাজও কাজ করেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *