‘আমাকে না জানিয়েই ঘোষণা!’ AIFF-এর ওপর ক্ষুব্ধ রঞ্জিত বাজাজ, ছাড়তে চান অনূর্ধ্ব-১৫ দলের দায়িত্ব – এবেলা

‘আমাকে না জানিয়েই ঘোষণা!’ AIFF-এর ওপর ক্ষুব্ধ রঞ্জিত বাজাজ, ছাড়তে চান অনূর্ধ্ব-১৫ দলের দায়িত্ব – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ভারতীয় ফুটবল দলের ম্যানেজার হিসেবে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়েছিল মিনের্ভা এফসি-র কর্ণধার রঞ্জিত বাজাজের। তবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) ওপর ক্ষুব্ধ হয়ে সেই দায়িত্ব নিতে সরাসরি অস্বীকার করেছেন তিনি। বাজাজের অভিযোগ— তাঁকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানিয়েই সংবাদমাধ্যমে তাঁর নাম ঘোষণা করে দেওয়া হয়েছে, যা কোনো পেশাদার সংস্থায় একেবারেই মেনে নেওয়া যায় না।

এ ছাড়া, অনূর্ধ্ব-১৫ দলের হেডকোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিবিয়ানো ফার্নান্ডেজকে। বাজাজের মতে, সম্পূর্ণ অচেনা একটি দল ও সাপোর্ট স্টাফদের নিয়ে তাঁর পক্ষে কাজ করা সম্ভব নয়।

কার্যকারী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় দলের ম্যানেজার পদে কোনো ক্লাবের কর্ণধারকে বসানোর ঘটনা ভারতীয় ফুটবলে এই প্রথম। মিনের্ভা এফসি-র হয়ে গোথিয়া কাপ, হেলসিঙ্কি কাপ ও ডানা কাপ জিতে এবং ড্রেসিংরুমে ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের অনুপ্রেরণাদায়ক বক্তব্য দিয়ে বাজাজ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ জনপ্রিয়। তা সত্ত্বেও ফেডারেশনের এমন খামখেয়ালি আচরণের কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রঞ্জিত বাজাজ বলেন:

“আমাকে না জানিয়েই আমার নাম ঘোষণা করা হয়েছে। চারিদিক থেকে শুভেচ্ছা বার্তা পেতে দেখে আমি নিজেই অবাক হয়ে যাই! পরে বাধ্য হয়ে আমি নিজে ফেডারেশন কর্তাদের সঙ্গে যোগাযোগ করি। কোনো পেশাদার ফেডারেশন এভাবে কাজ করতে পারে না। এই অ পেশাদারিত্বের কারণেই আজ ভারতীয় ফুটবল পিছিয়ে পড়ছে।”

কোচ ও ম্যানেজারের এই যুগলবন্দ্দী নিয়ে রসিকতা করে তিনি আরও যোগ করেন, “আমি বুঝতে পারছি না, যেখানে বিবিয়ানোকে কোচ করা হলো, সেখানে আমাকে কেন ম্যানেজার করা হলো? কাউকেই ছোট না করে বলছি, আমি ওদের কাউকেই চিনি না। না চিনে কাজ করা সম্ভব নয়। এটি অনেকটা পেপ গুয়ার্দিওলা আর হোসে মরিনহোকে একসঙ্গে কাজ করতে দেওয়ার মতো পরিস্থিতি!”

উল্লেখ্য, এবারই প্রথম অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের আয়োজন করছে ফিফা। এই টুর্নামেন্টটিকে নিছক কোনো প্রতিযোগিতা হিসেবে না দেখে একটি ফুটবল ‘উৎসব’ হিসেবে তুলে ধরতে চাইছে তারা। তাই যোগ্যতা অর্জন পর্ব ছাড়াই ফিফার অন্তর্ভুক্ত সব দেশকে খেলার সুযোগ দেওয়া হয়েছে। ফলে আগামী অক্টোবর মাসে আজারবাইজানে অনুষ্ঠিত হতে যাওয়া এই জুনিয়র বিশ্বকাপে সরাসরি মাঠে নামবে ভারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *