“আমি কিছু বানিয়ে বলিনি, এভিডেন্স বলছি!” নেতাজি বিতর্কে মুখ্যমন্ত্রীর বার্তার পর অনড় অনন্ত মহারাজ – এবেলা

এবেলা ডেস্কঃ
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর রাজ্যজুড়ে তোলপাড় শুরু হলেও নিজের অবস্থানে সম্পূর্ণ অনড় বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা ও আইনি হুঁশিয়ারির পরেও তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি নিজের মনগড়া কিছু বলেননি; বরং নথিপত্র ও তথ্যের ভিত্তিতেই কথা বলছেন।
রাজ্যের আইনশৃঙ্খলা ও মুখ্যমন্ত্রীর বার্তা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে অনন্ত মহারাজ বলেন, “আইন সকলের জন্যই সমান, মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলেছেন।” তবে নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে তিনি জানান, তিনি কোনো আক্রমণ করেননি, কেবল এভিডেন্স বা তথ্যের কথা তুলে ধরেছেন। এমনকি তিনি দাবি করেন, নেতাজিকে নিয়ে এই ধরণের মন্তব্য প্রথম প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুই করেছিলেন। নেহরুর কথার পুনরাবৃত্তি করলে তিনি কী অপরাধ করেছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন এই বিজেপি সাংসদ এবং সরকারকে এর সত্যতা যাচাই করার আহ্বান জানান।
ইতিমধ্যেই এই মন্তব্যের জেরে রাজ্য সরকার তাঁর ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহার করে নিয়েছে এবং আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছে। তবে শাসকদলের তোপ ও চতুর্মুখী রাজনৈতিক সমালোচনার মুখেও বিজেপি সাংসদের এই অনড় মনোভাব রাজ্য রাজনীতিতে বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে।
