আমেরিকার স্বার্থ রক্ষার্থে ভারতে কি তড়িঘড়ি চাপানো হলো ই-২০ নীতি! – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে ভারতে ই-২০ নীতি চালু করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, আমেরিকা থেকে বিপুল পরিমাণ ইথানল আমদানি করে ট্রাম্পকে খুশি করতেই কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার এই পদক্ষেপ করেছে। মার্কিন ইথানলের চাহিদা বাড়াতে এবং তাদের বাজার তৈরি করতেই উপযুক্ত পরিকাঠামো ছাড়া তড়িঘড়ি আম জনতার উপর এই নিয়ম চাপানো হয়েছে বলে তোপ দাগেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত বছর আমেরিকা থেকে ১০০ কোটি লিটার ইথানল আমদানির পর এ বছর আরও ৫০০ কোটি লিটার আমদানির পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
পুরোনো গাড়ি ও বাইকের মাইলেজ কমে যাওয়া এবং ইঞ্জিনে ত্রুটির মতো সমস্যায় নিত্যযাত্রীদের ক্ষোভের কথা তুলে ধরে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন কেজরিওয়াল। ইথানল মিশ্রিত পেট্রল নিয়ে দেশজুড়ে চলা বিতর্কের মাঝেই ভবিষ্যতে ই-৩০ বা ই-৪০ নীতির মতো উচ্চ মিশ্রণের প্রস্তুতি চলছে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে পেট্রল ও ডিজেল চালিত গাড়ি কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন আপ সুপ্রিমো। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে পদযাত্রার পর তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
