আয়ুষ্মান ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমায় মিলবে ১৯৫০টি প্যাকেজ, হাঁটু-কোমর প্রতিস্থাপনে বড় চমক! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘আয়ুষ্মান ভারত’ ও ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দুই প্রকল্পের শুভ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নতুন এই ব্যবস্থার অধীনে হাঁটু (নি) ও কোমর (হিপ) প্রতিস্থাপনের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সহ মোট ১৯৫০টি প্যাকেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। পূর্বে ‘স্বাস্থ্যসাথী’ কার্ডে ১৭০০টি প্যাকেজ থাকলেও সুনির্দিষ্ট নীতি ও গেট কিপিংয়ের কারণে প্রকৃত প্রয়োজনীয় রোগীরা সঠিক পরিষেবা পেতেন না। নতুন এই পদক্ষেপে রাজ্যজুড়ে ১৮৮৭টি সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং সারাদেশে ৩৮,৬০৪টি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবর্ণ সুযোগ তৈরি হলো।
এই বৃহৎ স্বাস্থ্য পরিষেবার আওতায় রাজ্যের ১ কোটি ৪৩ লক্ষ পরিবার সহ সত্তরোর্ধ্ব ৪০ লক্ষ প্রবীণ নাগরিককে সরাসরি যুক্ত করা হচ্ছে। পাশাপাশি আরও ৮০ লক্ষ পরিবারকে সুরক্ষা দিতে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা কার্যকরী ভূমিকা নেবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল জানান, রাজ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে জরুরি সরঞ্জাম সরবরাহের জন্য ১০০টি ‘অমৃত ফার্মেসি’ এবং বিপুল ছাড়ে ওষুধ দেওয়ার লক্ষ্যে ৪৬৭টি ‘জনঔষধি কেন্দ্র’ স্থাপন করা হবে। সব উপভোক্তা পুরোপুরি এই নতুন ব্যবস্থার আওতায় না আসা পর্যন্ত আপাতত পুরনো স্বাস্থ্যসাথী পরিষেবাও সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
