আয়ুষ্মান কার্ডের ম্যাজিক: জলের দরে নয়, জলপাইগুড়িতে বৃদ্ধের অস্ত্রোপচার হল সম্পূর্ণ বিনামূল্যে – এবেলা

আয়ুষ্মান কার্ডের ম্যাজিক: জলের দরে নয়, জলপাইগুড়িতে বৃদ্ধের অস্ত্রোপচার হল সম্পূর্ণ বিনামূল্যে – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পেতে শুরু করেছেন বাংলার মানুষ। আর এই পরিষেবা যে কেবল কলকাতাতেই সীমাবদ্ধ নয়, তা প্রমাণ করে দিল জলপাইগুড়ির একটি ঘটনা। এই প্রথমবার জলপাইগুড়ির একটি বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এক রোগীর জটিল ও ব্যয়বহুল অস্ত্রোপচার সম্পন্ন হল।

ঘটনাটি ডুয়ার্সের ধূপগুড়ি এলাকার। ৭২ বছর বয়সি কৃষক অনন্ত সরকার রাতের বেলা কুয়োপাড়ায় হাত-পা ধুতে গিয়ে হঠাৎই পড়ে যান এবং তাঁর কোমরের হাড় ভেঙে যায়। চিকিৎসার জন্য তাঁকে জলপাইগুড়ি শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তাঁর কোমরে একটি জটিল অস্ত্রোপচার প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়সাপেক্ষ।

কিন্তু পরিবারের পক্ষে এত বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা সম্ভব ছিল না। তখনই তাঁদের আয়ুষ্মান কার্ডের কথা মনে পড়ে। আর সেই কার্ডই তাঁদের মুশকিল আসান হয়ে দাঁড়াল! আয়ুষ্মান কার্ড থাকার কারণে অনন্তবাবুর অস্ত্রোপচারটি সম্পূর্ণ বিনামূল্যে করা হয়।

হাসপাতালের কর্ণধার ও অর্থোপেডিক সার্জেন ডা. কমলেশ বিশ্বাস জানিয়েছেন, অস্ত্রোপচারটি বেশ জটিল এবং ব্যয়বহুল ছিল। তবে আয়ুষ্মান কার্ড থাকায় রোগীর পরিবারকে এক পয়সাও খরচ করতে হয়নি। বর্তমানে রোগী সুস্থ রয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে, আগামী দিনেও এই হাসপাতালে আয়ুষ্মান পরিষেবা অব্যাহত থাকবে।

অনন্তবাবুর ছেলে সুজিত সরকার বলেন, “বাবার অপারেশনের জন্য এত টাকা কীভাবে জোগাড় করব, তা ভেবেই দিশেহারা হয়ে পড়েছিলাম। কিন্তু আয়ুষ্মান কার্ডের দৌলতে বিনামূল্যে বাবার অপারেশন হয়ে গেল। আমরা সত্যিই খুব খুশি।”

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *