আরজি কর তদন্তের নেপথ্য নায়ককে বিশেষ সম্মান! প্রজাতন্ত্র দিবসে বড় চমক কেন্দ্রের – এবেলা
এবেলা ডেস্কঃ
আরজি কর কাণ্ডের রহস্যভেদে নেতৃত্ব দেওয়া সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ভি চন্দ্রশেখরকে বিশেষ পুলিশ পদকে ভূষিত করছে কেন্দ্রীয় সরকার। প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করবেন ২০০০ সালের ব্যাচের এই দুঁদে আইপিএস অফিসার। তাঁর ‘বিশেষ পরিষেবা’র স্বীকৃতিস্বরূপ এই পদক প্রদান করা হচ্ছে। উল্লেখ্য, আরজি করের ধর্ষণ ও খুনের তদন্ত তদারকির গুরুদায়িত্বে ছিলেন চন্দ্রশেখর এবং তাঁর তত্ত্বাবধানেই আদালতে চার্জশিট জমা পড়েছিল।
গুজরাত ক্যাডারের এই আধিকারিক ছাড়াও সিবিআইয়ের মোট ৩১ জন অফিসারকে এ বছর বিভিন্ন বিভাগে পুলিশ পদক দেওয়া হচ্ছে। তালিকায় পুলিশ সুপার অমিত শ্রীবাস্তব ও অতিরিক্ত পুলিশ সুপার মুকেশ শর্মার মতো দক্ষ আধিকারিকদের নামও রয়েছে। আরজি কর ছাড়াও অতীতে একাধিক হাই-প্রোফাইল মামলা সামলানো চন্দ্রশেখর নিজের কর্মদক্ষতা ও দলগত সংহতির জন্য বিভাগে অত্যন্ত প্রশংসিত। প্রজাতন্ত্র দিবসের এই ঘোষণা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মনোবল আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।

