আসানসোলে নদী বাঁধভাঙা! জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, ছাদেই এখন বাঁচার লড়াই – এবেলা

এবেলা ডেস্কঃ
আসানসোল: টানা প্রবল বর্ষণে আসানসোলের বুক চিরে বয়ে যাওয়া গাঁড়ুই নদীর জল বিপদসীমা অতিক্রম করায় ভয়াবহ প্লাবনের মুখে পড়েছে রেলপাড়-সহ একাধিক বিস্তীর্ণ এলাকা। সোমবার রাত থেকেই একতলা সমান জলে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি। প্রাণ বাঁচাতে আসবাবপত্র ও খাদ্যসামগ্রী ছেড়ে সাধারণ মানুষ এখন বাড়ির ছাদকেই শেষ আশ্রয় বানিয়ে নিয়েছেন। নিরাপত্তার খাতিরে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় বিদ্যুৎহীন অন্ধকারে মশার উপদ্রব ও জলবাহিত রোগের আশঙ্কায় দিন কাটাচ্ছেন বাসিন্দারা।
উত্তর আসানসোলের চারটি ওয়ার্ড মূল শহর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে; ভেসে গেছে সেতু ও রাস্তাঘাট। পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা দল, পুলিশ ও দমকল উদ্ধারকাজ শুরু করেছে। দুর্গতদের স্থানীয় স্কুল ও ধর্মশালায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং শুকনো খাবার ও দুধ বিতরণ করা হচ্ছে।
তবে ত্রাণের পাশাপাশি স্থানীয়দের মধ্যে ক্ষোভের পারদ চড়ছে। বাসিন্দাদের অভিযোগ, নদীর গতিপথ দখল করে অবৈধ নির্মাণ ও নাব্যতা হ্রাসের কারণেই প্রতিবছর এই দুর্ভোগ। পুরনিগমের ‘মাস্টার প্ল্যান’ যে ব্যর্থ, তা আজকের এই ছবিই প্রমাণ করে দিচ্ছে। নদী সংস্কার ও দখলমুক্ত না করা পর্যন্ত আসানসোলবাসীর এই দুর্দশা থেকে মুক্তি মেলানো দায়।
