আসাম ও বাংলায় বিজেপি ভোট চুরি করেছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধেই এবার সরব রাহুল গান্ধি

সোমবার ফলাফল প্রকাশের মাঝেই বিস্ফোরক অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, আসাম এবং পশ্চিমবঙ্গে বিজেপি যে জয় বা লিড পাচ্ছে, তা আসলে মানুষের রায় নয় বরং ‘ভোট চুরি’। নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও বড়সড় প্রশ্ন তুলেছেন।
রাহুল তাঁর পোস্টে লিখেছেন, “নির্বাচন কমিশনের মদতে বিজেপির ভোট চুরির স্পষ্ট উদাহরণ হলো আসাম ও বাংলা।” তিনি আরও জানিয়েছেন যে, এই লড়াইয়ে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন। রাহুলের দাবি, কেবল বাংলাতেই ১০০টিরও বেশি আসন সুকৌশলে ‘চুরি’ করেছে বিজেপি।
বিরোধী দলনেতার নিশানায় কেবল এই দুটি রাজ্য ছিল না। তিনি মনে করিয়ে দিয়েছেন যে, এর আগেও মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র এবং এমনকি ২০২৪-এর লোকসভা নির্বাচনেও বিজেপি এই একই কৌশল প্রয়োগ করেছিল। রাহুল গান্ধির মতে, এটি এখন কেবল ভোট চুরি নয়, বরং একটি ‘প্রাতিষ্ঠানিক চুরি’তে পরিণত হয়েছে। তাঁর প্রশ্ন, “ভোট চুরি, প্রাতিষ্ঠানিক চুরি—এখন আর কী উপায় আছে?”
ভোট গণনার এই উত্তেজনার মাঝে রাহুলের এই মন্তব্য ইন্ডিয়া (INDIA) জোটের সংহতিকে যেমন জোরালো করল, তেমনই ফলাফল পরবর্তী আইনি লড়াই বা আন্দোলনের ইঙ্গিতও দিয়ে রাখল বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রতিবেদক: বর্তমান ঠাকুর।
