‘ইউরোপের অস্ত্রেই আক্রান্ত ভারত!’ ট্রাম্পকে কড়া জবাব দিয়ে রুশ তেল কেনার আসল সত্যি জানালেন জয়শঙ্কর – এবেলা

‘ইউরোপের অস্ত্রেই আক্রান্ত ভারত!’ ট্রাম্পকে কড়া জবাব দিয়ে রুশ তেল কেনার আসল সত্যি জানালেন জয়শঙ্কর – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা নিয়ে ওয়াশিংটনের আপত্তির মুখে এবার মোক্ষম জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ দাবি ছিল—নয়াদিল্লির দেওয়া টাকাতেই ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে মস্কো। ওয়াশিংটনের এই দাবিকে নস্যাৎ করে ইউরোপ ও আমেরিকার দ্বিচারিতাকে কাঠগড়ায় দাঁড় করালেন ভারতের বিদেশমন্ত্রী। ফিনল্যান্ডে ভূরাজনীতি সংক্রান্ত এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি স্পষ্ট বলেন, “ইউরোপের তৈরি অস্ত্র দিয়েই বছরের পর বছর ধরে ভারতের উপর হামলা চালানো হয়েছে।”

রুশ তেলের ওপর ভারতের নির্ভরতা নিয়ে প্রশ্ন করা হলে ক্ষোভ উগরে দিয়ে জয়শঙ্কর বলেন, “ভারতে তৈরি অস্ত্র দিয়ে কখনও ইউরোপের কোনও দেশে হামলা হয়নি। ভালো হতো, যদি এই কথাটাই আমি ইউরোপের ক্ষেত্রে বলতে পারতাম। ইউরোপ যে অস্ত্র বিক্রি করে, তা দিয়েই ভারতের উপর হামলা হয়। এখন বলে নয়, বছরের পর বছর ধরে তা হয়ে আসছে। আমার মনে হয় পশ্চিমা দুনিয়ার এই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তার প্রয়োজন আছে।”

ভূরাজনীতি নয়, ভারতের কাছে প্রাধান্য দেশের অর্থনীতি:

বিদেশমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ভারত কোনও ভূরাজনৈতিক সমীকরণ দেখে রাশিয়ার থেকে তেল কেনে না। তেল কেনা হয় স্রেফ বাজারদর এবং সহজলভ্যতার কথা মাথায় রেখে। ভারতের এই সিদ্ধান্তের পেছনে সম্পূর্ণ আর্থিক কারণ রয়েছে।

জয়শঙ্করের যুক্তি, “ভারত অতীতে পশ্চিম এশিয়া (মিডল ইস্ট) থেকেই তেল কিনত। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গোটা ইউরোপ যখন পশ্চিম এশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনা শুরু করল, তখন ভারতের বাজারে জোগান বজায় রাখতে রুশ তেল কেনা ছাড়া আর কোনও বিকল্প ছিল না। পরিস্থিতিই ভারতকে এই পথে হাঁটতে বাধ্য করেছে।”

আমেরিকাকে পাল্টা খোঁচা দিয়ে তিনি আরও মনে করিয়ে দেন, আন্তর্জাতিক জ্বালানি বাজারে যাতে তেলের আকাল ও অস্থিরতা তৈরি না হয়, তার জন্য একসময় আমেরিকাই ভারতকে রুশ তেল কিনতে বলেছিল। তবে ওয়াশিংটনের পরামর্শে নয়, ভারত সবসময় নিজের দেশের স্বার্থ ও পরিস্থিতি বিচার করেই সিদ্ধান্ত নেয় বলে স্পষ্ট বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *