ইউ-টার্ন! ‘স্বরূপ বিশ্বাস আমার শ্লীলতাহানি করেননি’, মামলা প্রত্যাহার করে নতুন ধামাকা রূপটান শিল্পীর! – এবেলা

ইউ-টার্ন! ‘স্বরূপ বিশ্বাস আমার শ্লীলতাহানি করেননি’, মামলা প্রত্যাহার করে নতুন ধামাকা রূপটান শিল্পীর! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: তৃণমূলের প্রভাবশালী নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই ও ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাসকে নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক ও আইনি নাটকে এক অভূতপূর্ব মোড়! যে মেকআপ আর্টিস্টের (রূপটান শিল্পী) অভিযোগে গত জুন মাসে গ্রেপ্তার হয়ে ৪২ দিন জেল খেটেছিলেন স্বরূপ বিশ্বাস, সেই অভিযোগকারিণী নিজেই শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে বিস্ফোরক দাবি করলেন— “স্বরূপ বিশ্বাস আমার শ্লীলতাহানি করেননি!” একই সঙ্গে নিউ আলিপুর থানায় গিয়ে তাঁর দায়ের করা মামলাটি সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

কী বললেন ওই রূপটান শিল্পী?

শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ওই মহিলা দাবি করেন, কিছু মানুষের প্ররোচনা ও চাপে পড়ে তিনি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হয়েছিলেন। তিনি বলেন, “আমাকে মিথ্যে অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু আমি কখনও ব্যক্তিগতভাবে বলিনি যে স্বরূপ বিশ্বাস আমার শ্লীলতাহানি করেছেন। এমনকি পুলিশের কাছে যে লিখিত অভিযোগপত্র জমা পড়েছিল, তা-ও আমার লেখা নয়। সেখানে শুধু আমার সই ছিল, আর সেই সই-ও চাপ দিয়ে করানো হয়েছিল।”

তিনি আরও স্পষ্ট জানান, স্বরূপ বিশ্বাসের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো পরিচয়ই নেই। “না আমি ওনাকে চিনি, না উনি আমাকে চেনেন। উনি আমার জন্য ৪২ দিন জেল খাটলেন, তা শুনে আমার খুব খারাপ লাগছিল। দাদাও দুটি মেয়ের বাবা, আমিও দুটি মেয়ের মা। দাদাও মিথ্যা জালে ফেঁসেছেন, আমিও ফেঁসেছি।”

আসল অভিযুক্ত তবে কারা?

মেকআপ আর্টিস্টের দাবি, তাঁর আসল অভিযোগ ছিল শান্তনু দে এবং বাপি মালাকার নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। তাঁর কথায়, “আমার মূল অভিযোগ ছিল এই দুজন আমাকে বাড়িতে এসে হুমকি দিয়েছিল এবং গুলি করার ভয় দেখিয়েছিল। সেখানে কীভাবে স্বরূপ বিশ্বাসের নাম ঢুকিয়ে ওনাকে গ্রেপ্তার করানো হলো, তা আমার জানা নেই।”

‘শুধু শান্তিতে কাজ করতে চাই’

পুরো ঘটনাটি নিয়ে আর কোনো আইনি বা রাজনৈতিক ঝামেলায় জড়াতে চান না বলে জানিয়েছেন ওই মহিলা। তিনি বলেন, “আমি আর কোনো অশান্তি চাই না, শুধু নিজের কাজটুকু শান্তিতে করে খেতে চাই।”

উল্লেখ্য, গত জুন মাসে তোলাবাজে ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন স্বরূপ বিশ্বাস। কিন্তু বর্তমানে অভিযোগকারিণীর এই আচমকা বয়ান বদল ও মামলা প্রত্যাহারের পর এই হাইপ্রোফাইল ঘটনার আইনি মোড় কোন দিকে যায়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *